World

বেড়াতে গিয়ে ১৭০০ বছর পুরনো অমূল্য ঐতিহাসিক নিদর্শন কুড়িয়ে পেল ৮ বছরের বালক

বেড়াতে গিয়েছিল পরিবারের সঙ্গে। সেখানেই সে ঘুরে বেড়ানোর সময় একটি জিনিস কুড়িয়ে পায়। পরে জানা যায় ওই ৮ বছরের বালক এক অমূল্য ঐতিহাসিক নিদর্শন হাতে পেয়েছে।

বেড়াতে গিয়ে সে কি নিয়ে এসেছে? স্কুলে গিয়ে সে কি দেখাবে? সেটা মাথায় ঘুরছিল ৮ বছরের এক বালকের। স্কুলে ফিরে তাকে কিছু তো দেখাতে হবে যা সে বেড়াতে গিয়ে পেয়েছে। সেটা খুঁজতে গিয়ে সে যেখানে বেড়াতে গিয়েছিল সেখানেই এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে।

পরিবারের সঙ্গে এই বেড়ানোটা অবশ্য ছিল একটি মরুভূমিতে। রুক্ষ পাথুরে এলাকা। গাছপালার তেমন দেখা নেই। বরং চারধারে পাথর নয়তো বালি। সেখানেই একটি জিনিস নজরে পড়ে তার। একটি পাথরের ছোট মূর্তির মত জিনিস। যার গায়ে অনেক দাগ। যা বেশ নজর কাড়ে।

এই বস্তুটি হাতে পাওয়ার পর সে কিছুটা নিশ্চিন্ত হয়। স্কুলে ফিরে সে এটা দেখাবে সকলকে। সেটা কুড়িয়ে নিয়ে সে ফের ফিরে আসে পরিবারের কাছে। ছুটি কাটাতে তাদের সঙ্গে ছিলেন এক প্রত্নতাত্ত্বিকও।

তিনি জিনিসটি দেখার পর বুঝতে পারেন ওটা নেহাতই একটি দাগ কাটা পাথরের জিনিস নয়। পরীক্ষা করে এরপর দেখা যায় সেটি ১ হাজার ৭০০ বছর পুরনো রোমান যুগের এক নিদর্শন। যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

ইজরায়েলের নেগেভ মরুভূমিতে বেড়াতে গিয়ে এই ঐতিহাসিক নিদর্শনটি হাতে পেয়েছিল ৮ বছরের ডোর। যা এখন বিশ্বজুড়ে একটি খবরে পরিণত হয়েছে। তবে ডোর এতকিছু ভেবে সেটা কুড়িয়ে নেয়নি। নিছক স্কুলে ফিরে ওটা বন্ধুদের দেখানোর জন্য কুড়িয়েছিল সে।

Show Full Article