SciTech

উচ্চতায় মাত্র ৩ ফুট, হবিটরা হাঁটত আধুনিক মানুষের মতই

মাত্র ১ মিটার লম্বা হবিটদের কোমরের হাড় বলছে তারা সোজা হয়ে হাঁটত আধুনিক মানুষের মতই। স্বাভাবিক ও মানবসদৃশ ভঙ্গিতে।

মাত্র ১ মিটার লম্বা এক মানব প্রজাতি। কিন্তু হাঁটাচলা নাকি আধুনিক মানুষের মতই। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে পাওয়া রহস্যময় হোমো ফ্লোরেসিয়েন্সিস বা জনপ্রিয় নামের হবিট মানবকে নিয়ে নতুন গবেষণা বদলে দিচ্ছে পুরনো ধারনা।

২০০৩ সালে ফ্লোরেসের লিয়াং বুয়া গুহা থেকে পাওয়া কঙ্কাল বহু বছর ধরেই বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্র। উচ্চতা ছিল মাত্র ৩ থেকে সাড়ে ৩ ফুটের কাছাকাছি। মাথার খুলি ও মস্তিষ্কও আধুনিক মানুষের তুলনায় অনেক ছোট।

তাই প্রশ্ন ছিল এই ক্ষুদ্র মানব প্রজাতি কি আধুনিক মানুষের মত সোজা হয়ে স্বাভাবিকভাবে হাঁটত, নাকি তাদের চলাফেরা ছিল অনেক বেশি আদিম। এবার তার উত্তর পাওয়া গেল।

গবেষকেরা কঙ্কালটির কোমরের হাড় অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করেছেন মাইক্রো সিটি স্ক্যানিংয়ের সাহায্যে। চমকপ্রদ বিষয় হল, শ্রোণির প্রায় প্রতিটি পরিমাপগত বৈশিষ্ট্যই পাওয়া গেছে আধুনিক মানুষের স্বাভাবিক পরিসরের মধ্যে।

গবেষকদের মতে, হোমো ফ্লোরেসিয়েন্সিস ২ পায়ে সোজা হয়ে হাঁটার সময় আগের ধারনার তুলনায় অনেক বেশি আধুনিক মানুষের মত নড়াচড়ার পদ্ধতি ব্যবহার করত। তবে তাদের ছোট পা এবং শরীরের বিশেষ গঠনের কারণে হাঁটার গতি সম্ভবত আধুনিক মানুষের চেয়ে কিছুটা ধীর ছিল।

কিন্তু রহস্য এখানেই শেষ নয়। হোমো ফ্লোরেসিয়েন্সিস কি ছোট হয়ে যাওয়া হোমো ইরেক্টাসের উত্তরসূরি? নাকি আরও প্রাচীন কোনও মানুষের পূর্বপুরুষ থেকে তাদের উৎপত্তি?

৩ ফুটের এই হবিট মানবরা কীভাবে ফ্লোরেস দ্বীপে পৌঁছেছিল এবং কেন এত অদ্ভুতভাবে বিবর্তিত হয়েছিল সেই উত্তর এখনও লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো হাড়ের মধ্যেই।

Show Full Article