State

ট্রেনেই পৌঁছনো যাবে গঙ্গাসাগর মেলা, চূড়ান্ত জরিপে সবুজ সংকেত দিল ভারতীয় রেল

ভারতের অন্যতম তো বটেই, এমনকি বিশ্বজুড়েই গঙ্গাসাগর মেলার পরিচিতি। কিন্তু সেখানে পৌঁছনোর জন্য রেলপথ নেই। সেই সুযোগ পাওয়া এখন সময়ের অপেক্ষা।

ভারতের যে কটি মেলায় পুণ্যার্থীদের ঢল নামে তার একটি অবশ্যই গঙ্গাসাগর মেলা। মকরসংক্রান্তিতে গঙ্গাসাগরে সাগরসঙ্গমে পুণ্যস্নান করতে লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। এখানেই বঙ্গোপসাগরে এসে মিশেছে গঙ্গা।

পৌষসংক্রান্তিতে সেই মিলনস্থলে পুণ্যস্নান বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। এখন গঙ্গাসাগরে পৌঁছতে গেলে মুড়িগঙ্গা নদী পার করতে হয় ফেরিতে। তারপর সেখান থেকে সড়কপথে পৌঁছতে হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে।

গঙ্গাসাগরে পৌঁছনোকে আরও সহজ করে দিতে এবার উদ্যোগ নিল রেল। কাকদ্বীপ থেকে সরাসরি গঙ্গাসাগর পর্যন্ত একটি রেলপথ তৈরি করার জন্য চূড়ান্ত জরিপে সিলমোহর দিয়ে দিল রেল।

ফলে এই রেলপথ তৈরি এখন সময়ের অপেক্ষা। যা তৈরি হলে ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে। উপকৃত হবেন পুণ্যার্থী থেকে দেশি বিদেশি পর্যটক সকলেই।

কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই রেলপথ হবে ৩৪ কিলোমিটার। যে ৩৪ কিলোমিটার রেলপথের মাঝে তৈরি হবে একটি রেল সেতু। যা হুগলি নদীর ওপর দিয়ে যাবে। সাড়ে ৪ কিলোমিটার লম্বা হবে এই রেল সেতু।

এটি তৈরি হয়ে গেলে ভারতের কোনও নদীর ওপর তৈরি সবচেয়ে লম্বা সেতু হবে এটি। এই রেলপথ তৈরি হয়ে গেলে পুণ্যার্থীদের যেমন সুবিধা হবে তেমনই গতি পাবে পর্যটন, এমনই মনে করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপাতত এই রেল চালুর প্রতীক্ষায় রইলেন সকলেই।

Show Full Article