National

নানা দেশ থেকে ঘুড়ি ওড়াতে আসছেন দক্ষরা, রঙিন উড়ানে ঢাকবে যমুনার আকাশ

ঘুড়ি ওড়ানোর পরম্পরা মিশে আছে ভারতের সংস্কৃতির সঙ্গে। এবার সেই ঘুড়ি আকাশে মেলে কসরত দেখাতে যমুনার ধারে হাজির হচ্ছেন বিভিন্ন দেশের ঘুড়ি ওড়াতে দক্ষ মানুষজন।

ঘুড়ি ওড়ানোর ইতিহাস যথেষ্ট প্রাচীন। ভারতে ঘুড়ি অনেককাল ধরেই ওড়ানো হয়। প্রথাগত চৌকো ঘুড়ি ছাড়াও নানা আকারের এবং নানা দর্শনের ঘুড়ি ভারতের নানা প্রান্তে উড়তে দেখা যায়।

এ রাজ্যে যেমন বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর চল, তেমন মকরসংক্রান্তিতে ভারতের নানা প্রান্তে ঘুড়ি ওড়ানো এক প্রাচীন পরম্পরা। যা আজও অমলিন।

ভারতের এই ঘুড়ি পরম্পরা এবং তার সঙ্গে মিশে যাওয়া ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে অন্য মাত্রা দিতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি যমুনার ধারে অবস্থিত বাঁশেরা এলাকায় একটি ঘুড়ি উৎসবের আয়োজন করতে চলেছে।

আগামী বছরের ১৫ জানুয়ারি এই উৎসব আয়োজিত হবে। চলবে ৩ দিন ধরে। যেখানে ভারতের নানা প্রান্ত থেকে যেমন ঘুড়ি ওড়াতে দক্ষ মানুষজন ঘুড়ি লাটাই হাতে হাজির হবেন, তেমনই আসবেন বিদেশের নানা প্রান্তের ঘুড়িপ্রেমীরা।

অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া-র মত দেশ থেকে যে এই উৎসবে অংশ নিতে ঘুড়ি হাতে হাজির হবেন মানুষজন তা জানা গিয়েছে। আরও নানা দেশও এই পতঙ্গ উৎসব ২০২৭-এ যোগ দেবে।

২০টি দেশ থেকে ঘুড়ি ওড়ানোয় দক্ষ মানুষজন হাজির হতে চলেছেন এখানে। এই উৎসব চতুর্থবার আয়োজিত হতে চলেছে। ঘুড়ি ওড়ানোয় দক্ষ মানুষজন এখানে সুরের তালে তালে আকাশে ঘুড়ি নিয়ে খেলা করবেন। যা উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা।

দর্শকেরা আগুন জ্বলে ওঠা ঘুড়িও দেখার সুযোগ পাবেন। ১০০ জনের ওপর অংশগ্রহণকারী এই ঘুড়ি উৎসবে নিজেদের দক্ষতার পরিচয় দেবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article