প্রতিবেশি দেশে ফুঁসছে নারায়ণী নদী, গণ্ডক নিয়ে চিন্তায় ভারতের রাজ্য
ভারতের প্রতিবেশি রাষ্ট্রে নদী ফুঁসছে। নারায়ণী নদীর জল বিপদ সীমা ছাড়িয়ে বইছে। তাহলে গণ্ডকের কি হবে, এই চিন্তা ভাবাচ্ছে ভারতের রাজ্যকে।
ভারতের লাগোয়া দেশ নেপালের অন্যতম নদী নারায়ণী। এই নারায়ণী নদী এখন ফুঁসছে। বিপদ সীমা ছাড়িয়েছে নদীর জলস্তর। ফলে নারায়ণী নদীর ধারে বসবাসকারীদের সতর্ক থাকতে অনুরোধ করেছে নেপাল সরকার।
শুধু নারায়ণী বলেই নয়, এই নদীর সঙ্গে যুক্ত শাখা নদীগুলিও ভয়ংকর দাপটে বইছে। নারায়ণী নদীর ওপর সেতু দিয়ে পারাপারের ক্ষেত্রেও মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। জলে নামার তো প্রশ্নই নেই।
নদীর ধারে যেতেও নিষেধ করা হয়েছে। নেপালের নারায়ণী নদী সে দেশের মধ্যে দিয়ে বয়ে একসময় ভারতে প্রবেশ করেছে। ভারতে ঢোকার পর অবশ্য সেটির নাম আর নারায়ণী নয়।
নেপালের অন্যতম নদী নারায়ণী ভারতে প্রবেশের পর সেটির নাম হয় গণ্ডক। বিহারের বাল্মীকিনগর দিয়ে ভারতে প্রবেশ করেছে এই নদী। ভারতে প্রবেশর পরই সেটির নাম বদলে গণ্ডক হয়ে যায়। তারপর সেটি বিহার ও উত্তরপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গার সঙ্গে মিশে গেছে।
তাই নেপালের নারায়ণী আর ভারতের গণ্ডক আসলে একটিই নদী। কেবল দেশ ভেদে তাদের নাম বদলে যায়। নেপালে নারায়ণী যেহেতু ফুঁসছে তাই তার বিশাল জলরাশি একসময় ভারতেও প্রবেশ করবে। যা নিয়ে চিন্তায় বিহারের বাসিন্দারা।
তাঁদের বাল্মীকিনগর দিয়েই ভারতে ঢুকছে নারায়ণী। সঙ্গে বয়ে আনছে তার ফুঁসতে থাকা জলরাশিও। সেই জল গণ্ডক দিয়ে প্রবাহিত হয়ে ভারতেও সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











