৩টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্র, বাংলা পেল ১টি
বাংলার ঝুলিতে ১টি রেল প্রকল্প। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেতের পর এটা অবশ্যই বাংলার প্রাপ্তি। এছাড়া আরও ২টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র।
দেশের রেল মানচিত্রে ফের বাংলার নতুন প্রাপ্তি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একটি রেল প্রকল্প পেল বাংলা। কেন্দ্র মোট ৩টি প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। যা ১৪টি জেলার ওপর দিয়ে যাবে। তবে এই ১৪টি জেলাই যে একটি রাজ্যের হবে এমনটা নয়।
পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়, এই ৫টি রাজ্যের ১৪টি জেলা এই নতুন ৩ প্রকল্পে জায়গা পাচ্ছে। সব মিলিয়ে যে লাইন নতুন করে তৈরি হতে চলেছে এই ৩ প্রকল্প মিলিয়ে তা সব মিলিয়ে ৬৫৬ কিলোমিটার।
এই প্রকল্প ৩টি রূপায়িত করতে ১০ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ৩টি প্রকল্পের কাজ ২০২৯-৩০-এ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
বাংলার খড়গপুর থেকে একটি নতুন চতুর্থ লাইন তৈরি হচ্ছে। যা যাবে ওড়িশার ঝারসুগুড়া পর্যন্ত। এছাড়া মধ্যপ্রদেশের কাটনি থেকে ছত্তিসগড়ের পেন্ড্রা রোড পর্যন্ত একটি চতুর্থ লাইন নতুন করে তৈরি হবে। এটি হল দ্বিতীয় প্রকল্প।
আর যে তৃতীয় প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা হল ছত্তিসগড়ের বিলাসপুর থেকে ছত্তিসগড়ের পেন্ড্রা রোড পর্যন্ত। এই রুটে তৃতীয় লাইন তৈরি করা হবে।
এই ৩টি প্রকল্প তৈরি করা হয়েছে মানুষের যাতায়াতকে সামনে রেখে নয়, বরং এই নতুন লাইন তৈরি করে কয়লা, সিমেন্ট, লৌহ আকরিক, ইস্পাতের মত বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসাকে সহজ করা হবে। অর্থাৎ যাত্রী পরিবহণ নয়, পণ্যপরিবহনকে মাথায় রেখেই এই নতুন লাইন তৈরি হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











