Kolkata

কলকাতা থেকে বনগাঁ পর্যন্ত যাবে এসি ট্রেন, শুরু কেবল সময়ের অপেক্ষা

কলকাতা থেকে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ যাওয়ার জন্য যদি কেউ বাতানুকূল কামরায় সফর চান তাহলে সেটা পাওয়া এখন সামান্য সময়ের অপেক্ষা।

কলকাতা থেকে ইএমইউ ট্রেন নানা জায়গায় পৌঁছে দিচ্ছে যাত্রীদের। লোকাল ট্রেন হিসাবে কাজ করে চলেছে প্রতিদিন। শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত বহুকাল ধরেই চলছে বনগাঁ লোকাল। তাতে প্রতিদিন যাত্রা করছেন যাত্রীরা।

এবার সেই সফর অনেক বেশি আরামের হতে চলেছে। কারণ বনগাঁ পর্যন্ত এবার ইএমইউ এসি ট্রেন পেতে চলেছেন যাত্রীরা। শিয়ালদা থেকে বারাসত পর্যন্ত এসি ইএমইউ লোকাল ট্রেন রয়েছে। সেই ট্রেনটি আগামী ২০ অগাস্ট থেকে চলে যাবে বনগাঁ পর্যন্ত। এর রুট কার্যত বাড়াচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।

শিয়ালদা থেকে বনগাঁর দূরত্ব ৭৯ কিলোমিটারের মত। সংবাদ সংস্থা আইএএনএস রেলের এক আধিকারিকের বক্তব্যের সূত্রে জানাচ্ছে, এই পথকে আরও আরামপ্রদ ও ঠান্ডা করার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

তবে ২০ অগাস্ট থেকে এই সুবিধা চালু হলেও তা রবিবার পাওয়া যাবেনা। সোম থেকে শনিবার এই এসি ইএমইউ চলাচল করবে। আপাতত ২টি ট্রেন যাত্রার জন্য তৈরি। ট্রেনগুলি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি।

১২ কামরার এই এসি ট্রেনের সবকটি কামরা যুক্ত থাকবে ভেস্টিবিউল দিয়ে। কামরায় স্টেনলেস স্টিলের সিট থাকবে। প্রতিটি ট্রেনে ১ হাজার ১০০ জনের বসার ব্যবস্থা থাকবে।

কামরাগুলি সিসিটিভি নজরদারিতে মোড়া থাকবে। স্টেশনে ট্রেন দাঁড়ানোর পর নিজে থেকেই কামরার দরজা খুলে যাবে। সময় হলে বন্ধও হয়ে যাবে। অন্য রুটেও আগামী দিনে এমন ইএমইউ এসি ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App