৪০ বছর পুরনো রিজার্ভেশন পদ্ধতির খোলনলচে বদলে ফেলছে রেল, কবে শুরু জানাল সরকার
যাত্রীরা এখন যে ট্রেন রিজার্ভেশন পদ্ধতির সঙ্গে পরিচিত তাতে বদল আনছে রেল। সেই নতুন পদ্ধতি কবে থেকে শুরু হবে তা জানাল রেলমন্ত্রক।
ট্রেনে যাঁরা দূরে সফর করেন তাঁরা জানেন টিকিট কাটার সময় রিজার্ভেশন করতে হয়। এখন যে রিজার্ভেশন পদ্ধতি দেখতে পাওয়া যায় তার সূচনা হয়েছিল ১৯৮৬ সালে। অর্থাৎ ৪০ বছর আগে। সময়ের সঙ্গে তাতে কিছু রদবদল যে করা হয়নি, এমনটা নয়। তবে মূলগত পদ্ধতিটা একই রয়ে গেছে।
সেই ৪০ বছর পুরনো রিজার্ভেশন পদ্ধতি এবার বদলে ফেলছে রেল। সে জায়গায় চালু হতে চলেছে একদম নতুন আধুনিক ও ডিজিটাল পদ্ধতি। যা যাত্রীদের জন্য রিজার্ভেশন আরও সহজ করে দেবে।
আগামী অগাস্ট মাস থেকে এই নতুন পদ্ধতি তার পথচলা শুরু করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিজার্ভেশন পদ্ধতিতে এই বদলের কারণে যাত্রীদের যেন এতটুকুও সমস্যার সম্মুখীন না হতে হয়। তার মানে রিজার্ভেশন পদ্ধতি বদলে যাবে, কিন্তু তার আঁচ যাত্রীরা টেরও পাবেন না। এমনভাবেই সেটা করতে হবে।
রেলের ওপর চাপ অনেক বেড়েছে। যাত্রী চাপ বেড়ে চলেছে। তার সঙ্গে খাপ খাইয়ে যাতে আধুনিক রিজার্ভেশন পদ্ধতি চালু করা যায় সেই পথ বেছে নিয়েছে রেল।
তাছাড়া রেলে যাত্রার জন্য অনলাইনে টিকিট কাটার সুবিধা রেল চালু করেছিল ২০০২ সালে। সেই সুবিধা এখন অধিকাংশ মানুষ কাজে লাগান টিকিট টাকার জন্য।
রেলের খতিয়ান বলছে ৮৮ শতাংশ যাত্রী অনলাইনে টিকিট কাটেন এখন। তার সঙ্গে সামঞ্জস্য রেখে রিজার্ভেশন পদ্ধতির খোলনলচে বদলে তাকে আধুনিক রূপ দেওয়ার দরকারও ছিল। সেটাই করতে চলেছে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












