চুপ করে থাকে এআই, অস্বাভাবিক কিছু ঘটলেই জেগে ওঠে
চুপ করে থাকে কৃত্রিম মেধার চিপ। অস্বাভাবিক কিছু ঘটলেই মানুষের মস্তিষ্কের মতো জেগে উঠে শুরু করে কাজ।
এমন একটি কৃত্রিম মেধা চিপ যাকে সারাক্ষণ কাজ করে যেতে হয়না। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলে সে প্রায় ‘চুপ’ করে থাকে। কিন্তু অস্বাভাবিক কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে।
মানুষের মস্তিষ্কের যে অংশ চলাফেরা ও সমন্বয়ের মতো কাজ সামলায়, তার কার্যপদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে গবেষকেরা তৈরি করেছেন এমনই একটি নিউরোমরফিক চিপ।
সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি আগত তথ্য বারবার বিশ্লেষণ করে। ফলে গণনা বাড়ে, শক্তি খরচও বেশি হয়। নতুন চিপটি উল্টো পথে চলে। পরিচিত ও স্বাভাবিক ধরন উপেক্ষা করে এটি মূলত নজর রাখে অপ্রত্যাশিত ঘটনার দিকে।
ইসিজি সিমুলেশনে চিপটি অনিয়মিত হৃৎস্পন্দন সনাক্ত করতে পেরেছে ১টি হৃৎস্পন্দনের প্রায় এক পঞ্চমাংশ সময়ের মধ্যে। গবেষকদের দাবি, নির্ভুলতা ছিল প্রায় ৯৮ শতাংশ। আরও বড় চমক, একই কাজ করতে প্রথাগত কৃত্রিম বুদ্ধিমত্তার তুলনায় প্রায় ১০ হাজার গুণ কম গণনার প্রয়োজন হয়েছে।
এই প্রযুক্তি শুধু চিকিৎসাক্ষেত্রেই নয়, ভবিষ্যতের রোবট, স্বচালিত গাড়ি এবং পরিধানযোগ্য স্বাস্থ্য ডিভাইসেও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এসব যন্ত্রে সবসময় সব তথ্য বিশ্লেষণ করার বদলে বিপদের মুহুর্তে দ্রুত প্রতিক্রিয়া দেওয়াই সবচেয়ে জরুরি।
অর্থাৎ ভবিষ্যতের কৃত্রিম মেধা হয়ত আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি শিখবে কখন কাজ করতে হবে, আর কখন নিশ্চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। এতে শক্তি সাশ্রয়ও হতে পারে উল্লেখযোগ্য ভাবে।











