World

বিশ্বের সবচেয়ে কম বয়সী অধ্যাপক, ১৮ বছরেই অধ্যাপক হলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র

কোনও কলেজে প্রফেসার হওয়ার জন্য যে স্তরগুলি পার করতে হয় তাতে সাধারণভাবে কেউ ১৮ বছরে অধ্যাপক হতে পারেননা। কিন্তু সেটাই করে দেখালেন ১৮ বছরের যুবক।

কলেজে পড়তে যাওয়ার বয়সে যদি কেউ কলেজে অধ্যাপনা করতে যান তাহলে তা বিশ্বের নজর কাড়াটাই স্বাভাবিক। সেটাই হয়েছে এক ১৮ বছরের যুবকের জীবনে। মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে একটি কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হয়েছেন ওই যুবক।

ফলে বিশ্বের সবচেয়ে কম বয়সী অধ্যাপকের তকমাও এখন তাঁর ঝুলিতে। অধ্যাপক যখন ১৮ বছরেই তখন এই অসামান্য প্রতিভাধর যুবক কলেজে পা দিয়েছিলেন কবে? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখানেও চমক অপেক্ষা করছে।

স্কুলের গণ্ডি পার করে মাত্র ১০ বছর বয়সেই নাথান থমাস নামে ওই যুবক কলেজে পা রাখেন। সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার ডিগ্রি নিয়ে তারপর অধ্যাপক।

এই পড়াশোনার পথ মাত্র ১৮ বছরের মধ্যেই সম্পূর্ণ করেছেন মায়ামির একটি কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নাথান থমাস। তাঁর এই কৃতিত্বকে অসামান্য বলেই মেনে নিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বিশ্বের তাবড় সংবাদমাধ্যম তাঁকে নিয়ে খবর করে ফেলেছে।

কম বয়সে অধ্যাপক হওয়ার নজির অবশ্য রয়েছে। ২০০৮ সালে আলিয়া সাবুর নামে এক যুবতী ১৮ বছর ৩৬২ দিনের মাথায় অধ্যাপক হন। বিশ্বের সবচেয়ে কম বয়সী মহিলা অধ্যাপকের পালক রয়েছে তাঁর মুকুটে।

আলিয়ার চেয়ে নাথান ১৬ দিন আগে অধ্যাপক হয়েছেন। ফলে পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সী অধ্যাপক হওয়ার পাশাপাশি মহিলা, পুরুষ উভয় বিভাগ মিলিয়েই এখন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপকের নাম নাথান থমাস।

Show Full Article
nilkantho.in App