বালির নিচে হারানো সমুদ্র, মিলল ৭ কোটি বছরের শিকারি
আজকের মরুভূমিই ছিল প্রাচীন সমুদ্র। সেখানে ৭ কোটি বছর আগে সরু চোয়ালের মোসাসর শিকার ধরত বিশেষ কৌশলে।
আজ যেখানে শুধু শুকনো মরুভূমি আর ধুধু বালির প্রান্তর, প্রায় ৭ কোটি বছর আগে সেখানেই দাপিয়ে বেড়াত ভয়ংকর এক সামুদ্রিক শিকারি। মিশরের পশ্চিম মরুভূমি থেকে পাওয়া জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সনাক্ত করেছেন মোসাসর-এর একটি নতুন প্রজাতির।
মোসাসর ছিল ক্রেটেসিয়াস যুগের বিশাল সামুদ্রিক সরীসৃপ। কিন্তু নতুন এই প্রজাতিটির সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য তার চোয়াল। একই পরিবারভুক্ত অন্য মোসাসরদের তুলনায় এর চোয়াল ছিল অস্বাভাবিকরকম লম্বা এবং সরু। আর এই গঠনই বিজ্ঞানীদের সামনে তুলে ধরেছে তার শিকারের ধরন নিয়ে নতুন ধারনা।
গবেষকেরা মনে করছেন নতুন প্রজাতির মোসাসরটি হয়তো বড় প্রাণির সঙ্গে সরাসরি শক্তির লড়াইয়ে যেত না। বরং তার সরু, লম্বাটে চোয়াল দ্রুত নড়াচড়া করে ছোট মাছ বা অন্য দ্রুতগতির সামুদ্রিক শিকার ধরে ফেলতে সাহায্য করত। অর্থাৎ একই মোসাসর পরিবারের সদস্য হয়েও তার শিকারের কৌশল ছিল অনেকটাই আলাদা।
তবে আরও বিস্ময় লুকিয়ে রয়েছে জীবাশ্মটি যেখানে পাওয়া গেছে সেই জায়গাটিতেই। বর্তমান মিশরের পশ্চিম মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল। যা সাহারা মরুভূমির একটি অংশ।
অথচ প্রায় ৭ কোটি বছর আগে ক্রেটেসিয়াস যুগে এই এলাকাই ছিল প্রাচীন সমুদ্রের অংশ। সেই সমুদ্রেই ঘুরে বেড়াত এই অদ্ভুত সরু চোয়ালের শিকারি প্রাণি মোসাসর।
কোটি কোটি বছরে সমুদ্র সরে গিয়ে তৈরি হয়েছে মরুভূমি। কিন্তু পাথরের স্তরের নিচে থেকে গেছে সেই হারিয়ে যাওয়া সামুদ্রিক জগতের চিহ্ন। আর নতুন পাওয়া জীবাশ্মটি যেন সেই হারানো সমুদ্রেরই ৭ কোটি বছরের পুরনো এক বার্তা।











