আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই আকাশে দেখা যাবে নীল চাঁদ
আর মাত্র কয়েকটা দিন। তারপরই সন্ধের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক বিস্ময়। অপেক্ষা শেষে আকাশে দেখা যাবে নীল চাঁদ।
পৃথিবীতে একটি মাস অনেকটা নির্ভর করে চাঁদের প্রদক্ষিণের ওপর। সেভাবে প্রতি মাসে ফিরে আসে পূর্ণিমা ও অমাবস্যা। মাসে ১ বার পূর্ণিমা এবং ১ বার অমাবস্যা খুব স্বাভাবিক এক চক্র। যা ঘুরতে থাকে ১৫ দিনের ব্যবধানে।
মে মাসে সেই পূর্ণিমা হয়েছিল মাসের প্রথম দিনে। সেই হিসাবে ১৬ মে হয় অমাবস্যা। তারপর ফের পূর্ণিমা এগিয়ে আসে। সেটা হতে চলেছে ৩১ মে।
নিয়ম মেনে পূর্ণিমা এলেও একটা বিষয় নজর কাড়ছে যে ২০২৬ সালের মে মাসে ১ বার নয়, ২ বার পূর্ণিমা হতে চলেছে। এটা বিরল ঘটনা।
তবে যে মাসে এভাবে ২ বার পূর্ণিমা হয়, ইংরাজি ক্যালেন্ডারের নিয়ম মেনে সেই দ্বিতীয় পূর্ণিমাটিকে বলা হয় ব্লু মুন। মে মাসের ৩১-এ যে পূর্ণিমাটি হতে চলেছে, সেটি তাই ব্লু মুন বা নীল চাঁদ।
নীল চাঁদ একটি শব্দ মাত্র। তার সঙ্গে চাঁদের রংয়ের কোনও সম্পর্ক নেই। চাঁদটি পূর্ণিমার দিন পূর্ণিমার চাঁদের মতই লাগবে। এছাড়া আর কিছু নয়। তবে এই ঘটনাটি বিরল। তাই যাঁরা আকাশ দেখতে পছন্দ করেন তাঁদের জন্য এই ব্লু মুনের পূর্ণিমা আলাদা করে দেখার মত।
বছরে সাধারণভাবে ১২টি পূর্ণিমা হয়। তবে হিসাব বলছে বছরে যত দিন রয়েছে তাতে প্রতিবছর ১১ দিন আরও থেকে যায়। এই অতিরিক্ত ১১ দিনগুলি যোগ করে কোনও কোনও বছর ১২টি নয়, বছরে ১৩টি পূর্ণিমা হয়। এ বছর সেটাই হচ্ছে। তাই মে মাসে ২টি পূর্ণিমা পড়েছে।











