পুজো কমিটিদের ১ লক্ষ টাকা অনুদান, পুজোর সময় একাধিক নিষেধাজ্ঞা, জানালেন মুখ্যমন্ত্রী
পুজো কমিটিগুলিকে এবার ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পুজোর সময় একাধিক বিষয়ে নিষেধাজ্ঞাও জারি করলেন।
রাজ্যে সরকার বদলের পর এবার নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। শুভেন্দু অধিকারী সরকার কি এবারও দুর্গাপুজোর অনুদান বজায় রাখবে? এ নিয়ে পুজো কমিটি থেকে সাধারণ মানুষের জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছিল। অবশেষে তা নিয়ে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানালেন, পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেবে সরকার। তবে সেই সঙ্গে তিনি বড় পুজোগুলিকে এই অনুদান না নেওয়ার আর্জিও জানিয়েছেন।
বড় বাজেটের পুজোগুলি সরকারের অনুদান না নিলেও তাদের পুজো হবে। তাই যেসব কমিটির ওই টাকা দরকার তাদেরই এই অনুদান নেওয়া উচিত। বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এই অনুদান বা সরকারি সাহায্য না নিতেই অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান কলকাতা সহ রাজ্যের সর্বত্র পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবেনা। টাকা লাগবে না দমকলের ছাড়পত্র পেতেও। তবে এসবের সঙ্গে বেশ কয়েকটি নিষেধাজ্ঞাও জারি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন পুজোর দিনগুলিতে কোনও ডিজে বাজানো যাবেনা। মহাষ্টমীর দিন রাজ্যের কোনও পানশালা খোলা থাকবেনা। খোলা থাকবেনা মদের দোকানও। এছাড়া জাতীয় সড়ক আটকে কোনও পুজো করা যাবেনা বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন এটাও পরিস্কার করে দিয়েছেন যে এবার কোনও পুজো কার্নিভাল হচ্ছেনা। প্রসঙ্গত পুজো কার্নিভাল পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়কালেই চালু হয়েছিল।











