Kolkata

বাংলায় সিনেমার শ্যুটিং করা নিয়ে বড় ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী

বাংলায় সিনেমার শ্যুটিং হয়। কেবল বাংলা সিনেমার জন্য নয়, অন্য ভাষার সিনেমার জন্যও। এ নিয়ে বড় ঘোষণা করলেন মহাতারকা মিঠুন চক্রবর্তী।

বাংলার বিজেপি সরকার অভিনেতা তথা বিজেপির অন্যতম নেতা মিঠুন চক্রবর্তীর নাম সাংস্কৃতিক পরামর্শদাতা হিসাবে ঘোষণা করেছে। আর তার ঠিক পরেই মিঠুন এক বড় ঘোষণা করে দিলেন।

মিঠুন চক্রবর্তী জানান, এ রাজ্যে সিনেমার শ্যুটিং করার ক্ষেত্রে ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই ভর্তুকি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাঁর সেই অনুরোধে সম্মতি জানান মুখ্যমন্ত্রী। তাই আগামী দিনে বাংলায় শ্যুটিং করার ক্ষেত্রে ৩০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে।

মিঠুন জানান, কেবল বাংলা বলেই নয়, বাংলায় অন্য অনেক জায়গা থেকে শ্যুটিং করতে আসে সিনেমা প্রযোজনা সংস্থাগুলি। এতে তারা আরও বেশি করে বাংলায় শ্যুটিং করতে আসবে। এই সুবিধা সকলকে বাংলায় শ্যুটিং করতে আসতে উদ্বুদ্ধ করবে। সারা ভারত আসবে বাংলায়।

মিঠুন আরও বলেন, বাংলায় শ্যুটিং করতে আসার জন্য সকলকে আহ্বানও জানানো হচ্ছে। মিঠুন জানান, যা হারিয়ে গেছে তা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

বাংলায় সাংস্কৃতিক পরামর্শদাতার কাজে মিঠুন চক্রবর্তীকে নিযুক্ত করার কথা নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী।

এদিকে বাংলার মহানায়ক উত্তর কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে একগুচ্ছ আয়োজন করেছে রাজ্যসরকার। উত্তম কুমারের কথা শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও। তাঁর মন কি বাত অনুষ্ঠানে উত্তম কুমারকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

Show Full Article