২ কোটি ৪০ লক্ষ টাকার ছবি ২৮০০ টাকায় পেলেন এক ব্যক্তি, এবার বিক্রির পালা
২ হাজার ৮০০ টাকা খরচ করে একটি ছবি কিনেছিলেন তিনি। পরে জানতে পারলেন তার দাম প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা। রাতারাতি কোটিপতি এক ব্যক্তি।
তিনি পুরনো জিনিস কিনতে পছন্দ করেন। এজন্য বিভিন্ন বাজারে ঘুরে বেড়ান তিনি। সাধারণ বাজারে কি পুরনো জিনিস বিক্রি হচ্ছে তা খুঁজে দেখেন। এমন করতে গিয়েই তিনি একটি ছবি দেখতে পান।
বিক্রেতা সেটির দাম ৩০ ডলার বা ২ হাজার ৮০০ টাকার মত জানান। ওই ব্যক্তি আর দেরি করেননি। তিনি সেটি কিনে নেন। কেনার সময় তাঁর একটি বিষয় নজর কেড়েছিল। সেটা হল হাতে আঁকা ছবিটির নিচের বাঁ দিকে থাকা একটি নাম ও তার পাশে ৫১ লেখাটা।
ওই ব্যক্তি ছবিটি যাচাই করতে বিশেষজ্ঞের দ্বারস্থ হন। আর সেটা হতেই তিনি জানতে পারেন এ ছবি কোনও সাধারণ ছবি নয়, চিত্রকর গারত্রুদে এবারক্রোম্বি-র আঁকা একটি অবাস্তব ধর্মী চিত্র। যেখানে অনেক সামুদ্রিক প্রাণি বর্ণিত হয়েছে।
আমেরিকার মিশিগানের বাসিন্দা ওই ব্যক্তি এরপর ওই ছবিটি নিলামে বিক্রির পরিকল্পনা করেন। নিলামে তার দাম কত উঠবে তা পরিস্কার না হলেও বিশেষজ্ঞেরা ছবিটি পরীক্ষা করে দেখেছেন এটির দাম ২ লক্ষ ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। ভারতীয় মুদ্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মত।
ছবি বিশেষজ্ঞেরা ইতিহাস ঘেঁটে জানতে পেরেছেন ওই ছবিটি চিত্রকর এক চিকিৎসককে ১৯৫২ সালে উপহার দেন। সেটি ওই চিকিৎসকের কাছেই ছিল ৭৫ বছর। তারপর সেটি বিক্রি হচ্ছিল মিশিগান এস্টেট সেলে। বিশ্বের নানা সংবাদমাধ্যমে খবরটি রীতিমত নজর কেড়েছে।











