১৫ কোটি বছর পুরনো ডাইনোসরের আশ্চর্য পায়ের ছাপ, বিজ্ঞানীরাও অবাক
ডাইনোসরের পায়ের ছাপ পৃথিবীর নানা জায়গায় পাওয়া গেছে। কিন্তু এমন আশ্চর্য পায়ের ছাপ আগে কোথাও দেখা যায়নি। ফলে বিজ্ঞানীরাও অবাক।
ডাইনোসরের পায়ের ছাপ নতুন কিছু নয়। কিন্তু এমন এক পায়ের ছাপ পাওয়া গেছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে। ১৫ কোটি বছর আগে ডাইনোসরদের মধ্যে লম্বা গলার ডাইনোসরদের প্রাধান্য তৈরি হয়েছিল। সেই সময় এক ডাইনোসরের যে পায়ের ছাপ পাওয়া গেছে তা বেশ ঘন।
৯৫ মিটারের মধ্যে ১৩০টি পায়ের ছাপ পাওয়া গেছে। পায়ের ছাপ এটাও পরিস্কার করেছে যে ডাইনোসরটি বেশ বড় চেহারার ছিল। কিন্তু বিজ্ঞানীরা ওই পায়ের ছাপের জীবাশ্ম থেকে এটাও নিশ্চিত যে ডাইনোসরটি কোনও কারণে খুব দ্রুত লাফ দিয়ে বাঁক নিয়েছিল। তারপর সে তার গন্তব্যের দিকে এগিয়েছিল।
পায়ের ছাপ দেখে বিজ্ঞানীরা এটাও মনে করছেন যে ডাইনোসরটি কোনও কারণে খুঁড়িয়ে হাঁটছিল। তাহলে কি লাফ দিতে গিয়ে কোনওভাবে পায়ে আঘাত পায়? তার জেরে খুঁড়িয়ে চলছিল? নাকি আগে থেকেই ডাইনোসরটির পায়ে কোনও আঘাত ছিল?
এমনও হতে পারে আঘাত ছিলনা। খুঁড়িয়ে নয় ওভাবেই একটু লাফিয়ে ওই জায়গাটা পার করে সে। অনেকগুলি বিষয় এই পায়ের ছাপ দেখে মাথায় এসেছে বিজ্ঞানীদের। তবে পায়ের ছাপগুলি যে বেশ অবাক করা সে বিষয়ে একমত তাঁরা। সবকটি ছাপেই লাফিয়ে চলা পরিস্কার।
আমেরিকার কলোরাডোতে এই পায়ের ছাপ পাওয়া গিয়েছে। জমিতে ঘুরে নয়, ডাইনোসরের এই লাফিয়ে চলা পায়ের ছাপের পুরো জীবাশ্মগুলি একসঙ্গে দেখতে পাওয়ার জন্য ড্রোন দিয়ে ছবি তোলেন গবেষকেরা।












