কমলা রংয়ের ঠোঁট, এই প্রথম আশ্চর্য বানরের দেখা পাওয়া গেল গহন জঙ্গলে
এমন বানর আগে কেউ দেখেননি। বিজ্ঞানীরাও অবাক এমন বানর এ পৃথিবীতে রয়েছে দেখে। কমলা রংয়ের ঠোঁটের এই বানরের দেখা পাওয়া এক সম্পূর্ণ নতুন বানরের খোঁজ দিল।
পৃথিবীতে এমন বোধহয় অনেক প্রাণি রয়েছে যাদের অস্তিত্বের কথাই মানুষের অজানা। অথচ তারা রয়েছে। বংশবৃদ্ধিও করছে। পৃথিবীর বুকে নিজেদের মত করে বেঁচেও আছে।
এমনই এক বানরের দেখা পেলেন বিজ্ঞানীরা। বানরের নানা ধরন রয়েছে। সেসব ধরনের কথা বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের অজানা নয়। কিন্তু গভীর ঘন জঙ্গলে এমন বানরের দেখা পাওয়া গেছে যারা অন্য কোনও বানর প্রজাতির সঙ্গে মেলে না।
একদম নতুন এই বানরদের সবচেয়ে বড় বিশেষত্ব হল তাদের ঠোঁট। এই বানরদের ঠোঁট কমলা রংয়ের। সারা গা কালো রংয়ের লোমে ভরা। লেজটি বেশ লম্বা। তবে চেহারা ছোট। লেজের কাছে একটি ধুসর ছোপ রয়েছে।
আফ্রিকার কঙ্গোর ঘন জঙ্গলে এই বানরের দেখা পাওয়া গেছে। নতুন এই বানরের দেখা পাওয়ার পর এদের নাম দেওয়া হয়েছে কোলোবাস কঙ্গোয়েনসিস। স্থানীয়রা অবশ্য এদের একটা ছোট্ট নাম দিয়েছেন, লিকওয়েলি।
পূর্ব মধ্য কঙ্গো দিয়ে বয়ে গেছে লোমামি ও কঙ্গো নদী। এই ২ নদীর অববাহিকার ধারে রয়েছে অতি ঘন জঙ্গল। যে জায়গা নানাধরনের বন্যপ্রাণির বাসস্থান বলে খ্যাত। সেখানেই গহন জঙ্গলের মধ্যে এই বানরদের দেখা পাওয়া গেছে।
ঘন জঙ্গল ছেড়ে যে এরা বার হয়না তা পরিস্কার। নাহলে তারা আগেই নজর কাড়ত। পিএলওএস জার্নালে এই বানর নিয়ে গবেষণা প্রকাশিত হয়েছে। এছাড়া বিশ্বের অনেক সংবাদমাধ্যমেও খবরটি আলোড়ন ফেলেছে।









