গাড়ি চালানোর সময় জোকস নয়, একটিমাত্র শহরের রাস্তায় রয়েছে এই সর্তকতা সাইন
রাস্তায় গাড়ির স্টিয়ারিং যাঁর হাতে থাকে তাঁকে বিভিন্ন সংকেত মেনে চলতে হয়। একটি শহর রয়েছে যেখানে গাড়ি চালানোর সময় জোকস না বলার সংকেত নজর কাড়ে।
রাস্তায় গাড়ি চালানোর সময় রাস্তার ধারের নানা সংকেতের দিকে নজর রেখে চলেন চালকের আসনে থাকা মানুষ। সে রাস্তায় বাঁক নেওয়া থেকে হর্ন না দেওয়া বা নো এন্ট্রি, ওয়ান ওয়ে অথবা এমন নানা সংকেত রাস্তায় দেওয়া থাকে যা চালকদের গাড়ি চালানোর সময় সতর্ক করতে থাকে।
এমন নানা সংকেত সম্বন্ধে সাধারণ মানুষেরও ধারনা আছে। কিন্তু পৃথিবীতে এমন একটি শহর রয়েছে যেখানে এই সংকেতে এক আজব বার্তা দেওয়া থাকে। যা পর্যটকদেরও নজর কেড়ে নেয়।
চিনে তিয়ানজিন নামে একটি শহর রয়েছে যেখানে রাস্তায় যেতে গেলে বিভিন্ন কোণায় একটি কার্টুন সকলের নজর কেড়ে নেয়। যেখানে গাড়ির চালকদের জন্য একটি বার্তা দেওয়া থাকে।
কার্টুনের মাধ্যমে এই বার্তার বক্তব্য হল চালকদের জোকস বলা থেকে সতর্ক করা। পথ সুরক্ষার কথা মাথায় রেখে গাড়ির চালকদের গাড়ি চালানোর সময় জোকস বলা এবং জোকস নিয়ে হাসাহাসি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রাস্তা তো সব দেশেই রয়েছে। চিনেই এমন বহু শহর রয়েছে। সেসব শহরে রাস্তার অভাব নেই। কিন্তু অন্য দেশ দূরে থাক, খোদ চিনেরই অন্য কোনও শহরে গাড়ি চালকদের জন্য নানা বার্তা রাস্তার ধারে দেওয়া থাকলেও গাড়ি চালানোর সময় জোকস না বলার সতর্কতা কোথাও নেই।
এই রোড সাইনকে সামনে রেখে চিনের তিয়ানজিনকে সিটি অফ হিউমার বা রসবোধের শহর-এর তকমা দেওয়া হয়েছে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।











