Business

রবিশস্য রোপণের মুখে চিন্তার গাঢ় মেঘ, শীতের ফসল নিয়ে চিন্তিত সরকারি আধিকারিকরাই

শীতের শস্য রোপণ করার সময় এসেছে। ঠিক এই সময়ই চিন্তার কথা জানালেন এক সরকারি আধিকারিক। কি নিয়ে চিন্তা তাও জানালেন।

উৎসব আবহ শেষের সঙ্গে সঙ্গেই দেশের একটা বড় অংশ জুড়ে শীত ক্রমশ তার প্রভাব বাড়াতে শুরু করবে। এখনই গ্রামাঞ্চলে ভোরে বা রাতের দিকে একটা আলতো ঠান্ডা অনুভূত হচ্ছে। যা ক্রমশ বাড়বে। আর এই সময়টাই হল রবিশস্য রোপণের আদর্শ সময়।

এই সময়ই প্রতিবছর রবিশস্য রোপণ করা হয়। ভারতে গম বা সরষের মত রবিশস্যগুলি রোপণ করা হয় এ সময়। কিন্তু এবার সেই রবিশস্যের স্বাভাবিক রোপণ ও বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ কৃষি সচিব। কেন চিন্তা তার কারণও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

বর্ষা প্রায় শেষ। তাই ভারতে এবার বর্ষা কেমন হল তা ফিরে দেখার সময় এসেছে। আর সেখানেই গণ্ডগোল। কারণ ভারতে এবার বর্ষা সর্বত্র সমানভাবে হয়নি। কোথাও অনেক তো কোথাও খুবই কম।

মহারাষ্ট্রের একটা বড় অংশই এখন খরার কবলে। আবার পশ্চিমবঙ্গের মত রাজ্যে বর্ষা স্বাভাবিক। কৃষি সচিব সেখানেই আশঙ্কা প্রকাশ করেছেন। যেসব জায়গায় বর্ষা ঠিকমত হয়নি সেখানে রবিশস্যে তার প্রভাব পড়বে বলেই মনে করছেন তিনি।

আবার যেখানে বেশি বৃষ্টি হয়েছে সেখানে মাটিতে অতিরিক্ত ভিজে ভাব সমস্যা বাড়াবে। সেই সঙ্গে এবার এল নিনো চোখ রাঙাচ্ছে। বিশ্বজুড়েই সুপার এল নিনো নিয়ে তটস্থ সকলে। যা নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে তার চরম প্রভাব দেখাবে। সেটাই শীতকাল।

ফলে এল নিনোও শীতের ফসলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এসব প্রভাব থেকে রবিশস্যের ফসল রক্ষা করতে প্রয়োজনীয় পরিকল্পনা রূপায়ণের প্রয়োজনের কথা তুলে ধরেন কৃষি সচিব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article