Business

দুর্গাপুজো, দীপাবলির আগে চিনির দাম কি কমবে, আশার আলো দেখাল আইএসএমএ

সামনে একের পর এক উৎসব। আর উৎসবের সময় চিনির চাহিদা বাড়ে। এরমধ্যে কি চিনির দাম কমবে, এ প্রশ্ন অনেকের। আশার আলো দেখাল আইএসএমএ।

বিশ্বকর্মা পুজো পার হয়ে গেছে। আশ্বিন মাসে পা দিয়েছে ক্যালেন্ডার। পুজোর ঢাকে কাঠি পড়েছে। আর কিছুদিন পার করলেই দুর্গাপুজো। তারপর লক্ষ্মী পুজো পার করে আসবে কালীপুজো ও দীপাবলি।

এভাবে উৎসবের পর উৎসব চলবে। আর বাংলা সহ ভারতে উৎসব মানেই মিষ্টিমুখ। তাই চিনির চাহিদা উৎসবের সময় বাড়ে। এটাই চলে আসছে। বছরের পর বছরের অভিজ্ঞতা বলছে এই সময় চিনির চাহিদা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়।

উৎসবের সময় চিনির চাহিদা পূরণ করতে গেলে গৃহস্থকে কি এবার মোটা টাকা গুনতে হবে? কারণ চিনির দাম তো এখনও বেড়েই আছে। তা কি উৎসবের আগে কমবে? এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা আইএসএমএ।

আইএসএমএ-র ডিরেক্টর জেনারেল দীপক বালানি সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন উৎসবের আগে কমতে চলেছে চিনির দাম। দশেরা, দিওয়ালীর মত এক এক করে দেশজুড়ে পালিত হতে চলা উৎসবের আগেই চিনির দামে সুরাহা পাবেন দেশবাসী।

চাহিদা মত জোগানেও কোনও সমস্যা থাকবেনা। সরকার ও সংস্থা মিলে সেই চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই এক্স মিল চিনির দাম অনেকটা কমানো হয়েছে। ২০ থেকে ২৫ শতাংশ কমেছে সেই দাম।

তবে এক্স মিল চিনির দাম কমার প্রভাব সাধারণ বাজারে পৌঁছতে কিছুটা সময় লাগে। তাই তার সুফল পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

তবে উৎসবের আগেই চিনির দামে সুরাহা পাওয়া যাবে বলেই মনে করছেন দীপক বালানি। ফলে আশা করা যেতে পারে পুজো, দীপাবলি, ভাইফোঁটার আগে চিনির দাম হয়তো কিছুটা স্বস্তি দিতে চলেছে সাধারণ মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article