শুকিয়ে গেছে ১৯টা জলাধার, মাটি শুকিয়ে কাঠ, এল নিনোর প্রভাবে খরার কবলে মারাঠওয়াড়া
খরার কবলে গ্রামের পর গ্রাম। পাড়ার পর পাড়া। ট্যাঙ্কারে করে কখন জল আসবে সেই ভরসায় দিন কাটছে স্থানীয় মানুষের। পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে।
সরকারি হিসাব বলছে ৩১০টি তালুক আপাতত খরার কবলে। তালিকায় যুক্ত হতে চলেছে আরও ১৩টি তালুক। একটাও ড্যামে জল নেই। স্থানীয় ১৯টি ড্যামের জল শুকিয়ে গিয়েছে। একবিন্দু জল নেই সেখানে।
একটিমাত্র ড্যামে জল রয়েছে। কিন্তু তাতেও মাত্র ১৪ শতাংশ জলই পড়ে আছে। জলসেচের জল নেই। অন্যান্য প্রকল্পে জলাভাব। এমনকি পানীয় জল ও সংসারের প্রয়োজনীয় জলটুকুর জন্য এখন মানুষকে অপেক্ষা করে থাকতে হচ্ছে কখন ট্যাঙ্কারে করে জল আসবে সেজন্য।
মহারাষ্ট্রের ১১টি জেলার অবস্থা খরায় শোচনীয়। মারাঠওয়াড়ার অবস্থা সবচেয়ে ভয়ংকর। সেখানকারই ১৯টি ড্যামের জল শুকিয়ে গিয়েছে। এল নিনোর প্রভাবে এখন কার্যত জলশূন্য দিন কাটাচ্ছেন ১ হাজার ১০২টি গ্রাম, ৩ হাজার ৮০১টি ছোট গ্রাম বা পল্লীর মানুষজন।
তাঁদের কাছে জল পৌঁছে দিতে ১ হাজার ৩২৩টি ট্যাঙ্কার কাজে লাগানো হচ্ছে। পরিস্থিতির উন্নতি দূরে থাক প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই বিশাল অঞ্চল জুড়ে এখন ট্যাঙ্কারের জলই একমাত্র ভরসা।
এমনিতেই এবার মহারাষ্ট্রে সব ড্যামের অবস্থাই খারাপ। সব ড্যাম মিলিয়ে জলের ঘাটতি ঠেকেছে ৬১.৮৮ শতাংশে। যা গোটা রাজ্যের জন্যই চিন্তার। বর্ষার সময় অনিয়মিত বৃষ্টি, দীর্ঘসময় ধরে বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি, মাটির তলার জলস্তর নেমে যাওয়ার জেরে মহারাষ্ট্র জুড়েই জলের সমস্যা দেখা দিয়েছে। যা অনেক জায়গায় খরা ডেকে এনেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











