National

মহাকুম্ভের মত অতিথিদের ভিড়, বিহারের বিধায়কের মেয়ের বিয়েতে বিদ্যুতের পোস্টে মানুষ

জীবনের ঝুঁকি রয়েছে। সেসব উপেক্ষা করে বিদ্যুতের হাইটেনশন স্তম্ভে চড়ে গেলেন মানুষজন। যাতে ভাল দেখতে পাওয়া যায়। বিহারের বিধায়কের মেয়ের বিয়ে নিয়ে দেশজুড়ে চর্চা।

এক বিধায়কের মেয়ের বিয়ে। এমন তো দেশজুড়ে কত বিধায়কেরই মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছে। বাড়িতে আরও অনুষ্ঠান হচ্ছে। অতিথিরা আমন্ত্রিত হচ্ছেন। কিন্তু বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিং ওরফে ছোটে সরকারের মেয়ের বিয়ে এক রূপকথার কাহিনিতে পরিণত হয়েছে।

দেশজুড়ে শুরু হয়েছে তার আয়োজন, খাওয়াদাওয়া, অতিথি সংখ্যা নিয়ে চর্চা। হবে নাই বা কেন! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা লক্ষাধিক। অনন্ত সিং কেবল বিয়ের আমন্ত্রণ পত্রই পাঠিয়েছেন ৪ লক্ষের বেশি।

যার মধ্যে তাঁর বিধানসভা এলাকার মানুষ তো আছেনই, এছাড়া বিহারের নানা প্রান্ত, দেশের নানা প্রান্ত এমনকি বিদেশ থেকেও বহু মানুষ বিয়েতে আমন্ত্রিত।

বিয়েতে অতিথি আমন্ত্রণ যেন এক মহাকুম্ভের চেহারা নিয়েছে বিহারের নাদওয়ানে। নাদওয়ানে রয়েছে অনন্ত সিংয়ের পৈত্রিক ভিটে। সেখানেই বিয়ের আয়োজন হয়েছে।

বিয়ে উপলক্ষে ঘোড়দৌড়ের আয়োজন হয়েছিল। সেই ঘোড়দৌড় দেখতে উপচে পড়ে ভিড়। এমনকি যাতে ঘোড়দৌড় একটু ভাল করে দেখা যায় তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেকে আশপাশের হাইটেনশন বিদ্যুতের স্তম্ভে চড়ে যান।

এদিকে ৫ লক্ষ মানুষের খাওয়াদাওয়ার বন্দোবস্ত পাকা করা হয়েছে। ১৫০-র বেশি সুস্বাদু পদ রয়েছে খাবার তালিকায়। এছাড়া ২৫ মিষ্টির আয়োজন করা হয়েছে।

কেউ এলে যেন অন্তত মিষ্টিমুখ না করে ফিরে না যান সেজন্য ৫০ লক্ষ গোলাপজাম তৈরি করা হয়েছে। এদিকে মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে কাওয়ালি গানের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article