২ ফুটের পিঙ্কি পুষ্করে এখন প্রধান আকর্ষণ, দাম ১ কোটি টাকা
শ্যাম্পেন রংয়ের ঘোড়া থেকে মিনি গরু, গত কয়েকদিনে পুষ্কর মেলার অনেক প্রাণি নজর কেড়েছে। কিন্তু সবাইকে ছাপিয়ে গেল ২ ফুটের মোষ।
তার উচ্চতা ২ ফুট। ২ ফুটের যে মোষ হতে পারে সেটাই একটা আশ্চর্য। এই ২ ফুটের মোষটি যে অতি বিরল তা মেনে নিচ্ছেন তার মালিকও। রাজস্থানের পুষ্কর মেলা বিখ্যাত প্রাণির মেলা হিসাবে। পুষ্কর মেলায় গরু, ঘোড়া, মোষ, ভেড়ার মত অনেক প্রাণি কেনাবেচা হয়।
আবার বেচার না হলেও অনেকে তাঁদের পোষ্যকে নিয়ে আসেন কেবল দর্শকদের দেখার জন্য। সেই প্রাচীন এবং বিখ্যাত পুষ্কর মেলায় এ বছর শুরুতেই নজর কেড়েছিল শ্যাম্পেন রংয়ের ঘোড়া, সারা গায়ে ছোট ছোট পলকার মত ছোপ কাটা বাদামি ঘোড়া, ছোট গরু।
কিন্তু তাদের ছাপিয়ে গেল পিঙ্কি। পিঙ্কি একটি ২ ফুটের মোষ। মোষ বড় চেহারার হয়। সেটাই দেখে সকলে অভ্যস্ত। সেই মোষ যে ২ ফুট উচ্চতারও হতে পারে তা কল্পনার বাইরে।
সেই মোষ এবার চর্মচক্ষে দেখার সুযোগ পাচ্ছেন সকলে। পুষ্কর মেলার এখন সবচেয়ে বড় আকর্ষণের নাম পিঙ্কি। পিঙ্কির মনিবও বিষয়টি সম্পর্কে অবগত। তাই তিনি পিঙ্কির দাম রেখেছেন ১ কোটি টাকা। অর্থাৎ পিঙ্কিকে কিনতে গেলে গুনতে হবে ১ কোটি টাকা।
পিঙ্কির এই ২ ফুট উচ্চতার চেহারা ধরে রাখতে কি বিশেষ কিছু করতে হয়? মোষটির মালিক অবশ্য ইতিমধ্যেই পরিস্কার করেছেন যে পিঙ্কিকে তিনি আলাদা কিছু খাওয়ান না। তার যা খাদ্য সেটাই খায়। সঙ্গে পরিস্কার জল। তবে পিঙ্কি বেশি আওয়াজ একদম বরদাস্ত করতে পারেনা। তাই তাকে বাজনা বা জোরে আওয়াজ থেকে দূরে রাখতে হয়।











