National

ভোল বদলাবে পোস্টঅফিস, পুরনো চেহারা বদলে আধুনিক রূপ দিতে বরাদ্দ ১৪৯৮ কোটি

দেশের পোস্টঅফিসগুলিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এজন্য বরাদ্দ হয়েছে ১৪৯৮ কোটি টাকা। যা দিয়ে পোস্টঅফিসের কাজেও আসবে নতুন গতি।

দেশজুড়ে ছড়িয়ে আছে প্রচুর পোস্টঅফিস বা ডাকঘর। একসময় ডাকঘরের প্রধান কাজ ছিল চিঠি পৌঁছে দেওয়া। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তিগত উন্নতি চিঠি লেখার প্রয়োজনকে অনেকটাই অপ্রয়োজনীয় করে তুলেছে।

তবে এখনও পার্সেল থেকে স্পিড পোস্ট, চিঠি পাঠানোর কাজ করে পোস্টঅফিস। সেখানে টাকাও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা যায়। কিন্তু এখনও শহর থেকে গ্রাম, অধিকাংশ পোস্টঅফিসের চেহারার হাল বেহাল।

অনেক জায়গাতেই বহু পুরনো চেহারা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ডাকঘর। এবার সেই চেহারার ভোল বদলে যেতে চলেছে। এজন্য মোটা টাকা বরাদ্দ করল কেন্দ্র।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ১ হাজার ৪৯৮ কোটি টাকা এই ভোলবদলের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ৫ বছর। তারমধ্যেই পোস্টঅফিসগুলি সহ বসবাস কলোনি এবং ভারতের যেসব ঐতিহ্যবাহী পোস্টঅফিস ভবন রয়েছে সেগুলির আমূল সংস্কার করা হবে।

পুনর্নির্মাণ, সংস্কার, সব পোস্টঅফিসকে একটি বিশেষ আলাদা রূপ দেওয়ায় জোর দেওয়া হবে। এছাড়া পোস্টঅফিসের কাজে গতি এনে ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে যাওয়া, আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করাও লক্ষ্য।

প্রসঙ্গত ভারতের ডাক পরিষেবা হল পৃথিবীর অন্যতম বৃহৎ ডাক পরিষেবার একটি। ভারতজুড়ে এখন মোট ১ লক্ষ ৬৫ হাজার পোস্টঅফিস ছড়িয়ে আছে। যারমধ্যে ১ লক্ষ ৪৯ হাজার ৩৮৫টি পোস্টঅফিস রয়েছে গ্রামাঞ্চলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article