Business

নতুন সাফল্য, এই প্রথম ইউরোপের অন্যতম দেশ পেল হিমালয়ের লিচুর স্বাদ

ভারতের লিচুর কদর বিশ্বজুড়ে। উত্তরাখণ্ডের লিচু তার স্বাদের জন্য রীতিমত জনপ্রিয়। সেই লিচু এবার প্রথমবারের জন্য ছুঁল ইউরোপের মাটি।

ভারতে লিচু এক জনপ্রিয় ফল। যার স্বাদ ও গন্ধের কদর বিশ্বজুড়ে। সেই লিচু এবার তার জয়যাত্রা শুরু করল ইউরোপে। এই প্রথম ইউরোপের মানুষ উত্তরাখণ্ডের সেরা লিচুর স্বাদে মন ভরাতে পারবেন। প্রথম যে বরাত ইউরোপে গেল তার গন্তব্য ছিল ইতালি।

দেরাদুন থেকে ইতালি গেল এই লিচু। যা লিচু কৃষকদের মুখের হাসি আরও চওড়া করল। কারণ ইউরোপের বাজারে উত্তরাখণ্ডের লিচুর কদর বৃদ্ধি পেলে তা মুনাফার অঙ্ককেও আরও বড় করবে। যা কৃষকদের আর্থিক দিক থেকে আরও সমৃদ্ধ করবে।

ইউরোপের পথে প্রথম যে লিচু পা বাড়াল তার বাজার দর কেবল ইউরোপের বাজারে যাচ্ছে বলে ২৫ শতাংশ বেশি পেয়েছেন লিচু কৃষকরা। আপাতত ইতালি গেছে ১ মেট্রিক টন লিচু। এবার ইউরোপের বিভিন্ন দেশের বাজার উত্তরাখণ্ডের লিচুর জন্য খুলে গেলে তা আরও মোটা অঙ্কের মুনাফার মুখ দেখাতে শুরু করবে কৃষকদের।

আন্তর্জাতিক টাটকা ফলের বাজারে পৌঁছে যাওয়া হিমালয় অঞ্চলের লিচুর চাহিদাও বাড়াবে। অন্যদিকে আন্তর্জাতিক বাজার ক্রমশ বড় হতে শুরু করলে এখানকার লিচু কৃষকরাও আরও উন্নতমানের লিচু উৎপাদনে উৎসাহ পাবেন।

প্রসঙ্গত দেরাদুনের লিচু বিখ্যাত তার পুরু শাঁস, মন মাতানো গন্ধ ও মিষ্টত্ব এবং নজর কাড়া রংয়ের জন্য। ইউরোপের বাজারে ক্রমশ এর চাহিদা বাড়তে থাকলে তা সার্বিকভাবে দেশের অর্থনীতির জন্যও সুখবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article