World

‌২টি অর্থহীন শব্দ, ২টি ছবি এবং ৭০টি কুকুর নিয়ে পরীক্ষায় হাতে এল আশ্চর্য তথ্য

২টি আপাত অর্থহীন শব্দ কিকি এবং বুবা। সামনে ২টি ছবি। ৭০টি কুকুর নিয়ে একটি গবেষণা এবার এক অবাক করা তথ্য সামনে এনে দিল।

কুকুরের সামনে পাশাপাশি রাখা ২টি ছবি। একটি ছবি গোলাকার, মসৃণ। অন্যটি চারদিকে কাঁটা বেরিয়ে থাকা আজব নকশার। এবার শোনানো হল ২টি অর্থহীন শব্দ। একটি ‘বুবা’, অন্যটি ‘কিকি’। আশ্চর্যের বিষয় এই যে, শব্দ বদলাতেই কুকুরের তাকানোর ধরনেও দেখা গেল পরিবর্তন।

ইতালির পারমা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৭০টি পোষা কুকুরকে নিয়ে এই অভিনব পরীক্ষা চালিয়েছেন। উদ্দেশ্য ছিল, মানুষের মতো কুকুররাও শব্দের আওয়াজ এবং কোনও দৃশ্যমান আকৃতির মধ্যে সহজে যোগাযোগ তৈরি করতে পারে কিনা, তা বোঝা।

পরীক্ষায় কুকুরগুলিকে দেখানো হয় ২টি ভিন্ন নকশা। একটি গোলাকার, অন্যটি সূচালো। একই সময়ে তাদের শোনানো হয় ‘বুবা’ এবং ‘কিকি’র মতো কৃত্রিম শব্দ। গবেষকেরা লক্ষ্য করেন, ‘বুবা’ শোনার সময় কুকুরগুলি তুলনামূলক ভাবে গোলাকার নকশার দিকে বেশি তাকাচ্ছে। কিন্তু ‘কিকি’ শব্দটি কানে আসতে তাদের মনোযোগ বেশি যাচ্ছে সূচালো নকশার দিকে।

মানুষের ক্ষেত্রেও এমন একটি প্রবণতা আগেই থেকেই পরিচিত। অনেকেই ‘বুবা’ শব্দটিকে গোলাকার আকৃতির সঙ্গে এবং ‘কিকি’ শব্দটিকে ধারাল, কোণযুক্ত আকৃতির সঙ্গে মিলিয়ে দেখেন। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘বুবা-কিকি এফেক্ট’।

তাহলে কি কুকুর শব্দ শুনেই তার প্রকৃতি কল্পনা করতে পারে? গবেষণাটি এই প্রশ্নকে গুরুত্বপূর্ণ করে তুলছে। তবে এখানেই গুরুত্বপূর্ণ এক পার্থক্য। কুকুরগুলি ওই শব্দগুলির অর্থ বুঝেছে, এমন কোনও প্রমাণ মেলেনি পরীক্ষায়।

গবেষকদের পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে, শব্দের ধ্বনি আর চোখে দেখা আকৃতির মধ্যে এক ধরনের স্বাভাবিক মিল খুঁজে নেওয়ার ক্ষমতা কুকুরেরও থাকতে পারে। মানুষের সঙ্গে দীর্ঘদিনের সহাবস্থান, না প্রাণিদের উপলব্ধি সম্পর্কিত গভীর বৈশিষ্ট্য, এর নেপথ্যে ঠিক কোন কারণ কাজ করছে তা জানতে প্রয়োজন আরও গবেষণা।

Show Full Article