রূপো নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র, কঠিন হল আমদানি
রূপো আমদানি করা নিয়ে সেই অর্থে কোনও সরকারি কড়াকড়ি এতদিন ছিলনা। এবার রূপো আমদানি নিয়ে একদম নতুন নিয়ম আনল সরকার।
দামি ধাতুর তালিকায় রূপোর স্থান চিরকালই স্থায়ী। ভারতীয়দের মধ্যে রূপোর গয়না থেকে বাসন, সবের চল রয়েছে। আবার লগ্নি হোক বা শিল্প উৎপাদন, রূপোর প্রয়োজন বিভিন্ন জায়গায় রয়েছে।
সেই রূপো ভারতে আমদানি করা নিয়ে কার্যত কোনও সরকারি কড়াকড়ি ছিলনা। ফলে রূপো সহজেই আমদানি করা যেত। কিন্তু এবার তা আর অতটা সহজ হবেনা।
রূপো আমদানি করতে গেলে এবার থেকে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে তবে আমদানি করা যাবে। কিছু ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নিয়মও কড়া হয়ে সামনে আসবে।
রূপো সাধারণত ৪ প্রকারে আমদানি হয়ে থাকে। ৯৯.৯ শতাংশ খাঁটি রূপোর বার, অনির্মিত রূপো, অর্ধেক তৈরি রূপোর জিনিস এবং রূপোর পাউডার।
এগুলি কোনও অন্য দেশ থেকে আমদানি করতে হলে তা ভারতে পাঠানোর আগেই সরকারের কাছে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। তবে তা ভারতে প্রবেশ করতে পারবে। যথেচ্ছ রূপো আমদানিতে রাশ টানতেই যে এই ব্যবস্থা তা পরিস্কার।
এই নিয়মের ফলে আগামী দিনে ভারতে কত রূপোর প্রবেশ ঘটছে তার একটা স্পষ্ট ধারনা সরকারের থাকবে। সেই সঙ্গে অতিরিক্ত রূপোর আমদানিও বন্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
প্রসঙ্গত আগেই কেন্দ্র সোনা ও রূপোর ওপর আমদানি শুল্ক বাড়িয়েছিল। সোনা এবং রূপোর মত দামি ধাতুর ওপর থাকা আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছিল ১৫ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











