Feature

অস্ত্র রফতানিতে ভারতের নতুন পরিচয় ব্রহ্মস বাজিমাত করছে গতিতে, চাহিদাও তুঙ্গে

দেশের প্রতিরক্ষা প্রযুক্তিকে অনন্য উচ্চতা দিয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। অস্ত্র আমদানিকারী দেশ হিসাবে ভারতের পরিচিতি বদলে রফতানিকারক দেশের রূপ দিয়েছে এই সর্বোচ্চ গতির রাডার ঠকানো ক্ষেপণাস্ত্রটি।

ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাসে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র একটি যুগান্তকারী সাফল্য। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলস্টোন। যা তার গতিতে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে।

ম্যাক ২.৮ থেকে ৩ গতিতে ছুটতে সক্ষম ব্রহ্মস। প্রথমসারির সামরিক শক্তিধর রাষ্ট্রগুলির ঝুলিতে যে দ্রুততম অপারেশনাল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে তারমধ্যে অন্যতম সেরা ব্রহ্মস। এই ক্ষেপণাস্ত্রের আরও এক বড় ক্ষমতা রাডার ফাঁকি দেওয়া।

অত্যন্ত কম উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্রহ্মস শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়বে না। ভারতীয় এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে তো বটেই, তার সঙ্গে সমুদ্রের উপর ভাসতে থাকা জাহাজ, জলের তলা দিয়ে যাওয়া সাবমেরিন এবং আকাশ থেকেও উৎক্ষেপণ করা যায়। এই সুবিধা এর ব্যাপ্তি আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির সঙ্গে তুলনা করলে ব্রহ্মসের বিশেষত্ব আরও পরিস্কার হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের টোমাহক ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার হলেও এটি সাবসনিক গতির। যেখানে ব্রহ্মস সুপারসনিক।

রাশিয়ার কালিবর সহ চিনের বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র শক্তিধর হলেও ব্রহ্মসের উচ্চ গতি, বহুমুখী উৎক্ষেপণ ক্ষমতা এবং নির্ভুলভাবে দ্রুত লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা একে আন্তর্জাতিক প্রতিরক্ষা ক্ষেত্রে আলাদা গৌরব অর্জন করতে সাহায্য করেছে। উন্নততর ব্রহ্মস-ইআর বা এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণটি আরও দীর্ঘ পাল্লায় আঘাত হানতে সক্ষম।

ভারতের প্রতিরক্ষা অর্থনীতিতেও ব্রহ্মস এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দীর্ঘদিন ধরে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারী দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু দেশেই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ওপর জোর দেওয়ার ফলে সেই ছবি বদলাচ্ছে।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি ভারতের প্রতিরক্ষা শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ফিলিপিন্সের সঙ্গে ব্রহ্মস রফতানি চুক্তি হয়েছে ভারতের। অন্য অনেক দেশ ব্রহ্মস কেনার বিষয়ে উৎসাহী।

বিশ্ব রাজনীতিতে ব্রহ্মস কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং ভারতের প্রযুক্তিগত দক্ষতা, কৌশলগত ক্ষমতা এবং প্রতিরক্ষা রফতানির প্রতীক হয়ে উঠেছে। এর সাফল্য ভারতকে অস্ত্র আমদানিকারক দেশের পরিচিতি থেকে সরিয়ে একটি বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক অস্ত্র রফতানিকারক রাষ্ট্র হিসাবে তুলে ধরতে শুরু করেছে।

Show Full Article