National

মোকামার বিধায়কের মেয়ের বিয়েতে যানজট, তাঁবুর শহর, রসগোল্লা লুঠ, গ্লাস হয়ে গেল খাবার প্লেট

বিধায়কের মেয়ের বিয়ে। তাকে কেন্দ্র করে যা হচ্ছে তা কোনও সিনেমার চেয়ে কম নয়। এই বিয়ে হয়তো সিনেমা তৈরির গল্পও হাতে তুলে দিল পরিচালকদের।

প্লেট কোথায় জানা নেই। তাই জলের প্লাস্টিকের গ্লাসই হয়ে গেল প্লেট। খাবার পরিবেশন করার অপেক্ষার সময় নেই। তাই খাবারের বিশাল ডেকচি থেকে প্লাস্টিকের গ্লাসে হাতে করেই খাবার তুলে নিলেন অনেক অতিথি।

অন্য দৃশ্য মিষ্টির কাউন্টারে। সেখানে আবার রসগোল্লা নিয়ে কার্যত যুদ্ধ চলছে। রসগোল্লা আনার সময় পাচ্ছেনা, চোখের পলক ফেলতে তা শেষ হয়ে যাচ্ছে।

পরিবেশনের অপেক্ষা করলে পাওয়া যাবেনা। তাই তার অপেক্ষা না করে যে যার মত লুঠ করে নিয়ে যাচ্ছেন রসগোল্লা। হাতে যতগুলো তুলতে পারলেন সেটাই পাওয়া।

বিহারের পাটনা জেলার নাদওয়ান গ্রামে মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে নিমন্ত্রিতদের অনেকে এভাবেই নিজের খাবার জোগাড় করে নিলেন।

জানা যাচ্ছে, ১০ লক্ষ মানুষ অতিথি হিসাবে হাজির ছিলেন। ১০ লক্ষ অতিথির একটা বড় অংশ তাই খাবার কার্যত লুঠ করে পেট ভরিয়েছেন। কারও কারও মতে এখানে খাবার সংগ্রহ করাটাই একটা যুদ্ধ জেতার শামিল।

অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এটা যেমন একটা দিক তেমন আবার আর এক দিকে দেখা গেল ভিভিআইপি অতিথিদের জন্য আলাদা হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। কুম্ভমেলায় থাকার জন্য যেমন বিশাল খোলা মাঠে অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয় তেমন তাঁবুর শহর তৈরি করা হয়েছে অতিথিদের জন্য। এছাড়া ঘোড়দৌড় থেকে প্রাচুর্যের ঝলকানি তো রয়েছেই বিয়ে ঘিরে।

এ বিয়েতে অংশ নেওয়ার জন্য মানুষ পায়ে হেঁটে, গাড়িতে চড়ে, ট্রাক্টরে চেপেও হাজির হয়েছেন। যার জেরে গ্রামের আশপাশের ৫ থেকে ১০ কিলোমিটার এলাকা জুড়ে থাকা সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়। সব মিলিয়ে এই বিয়ে নিয়ে যদি আগামী দিনে কোনও সিনেমা তৈরি হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article