National

৬৩ বছরের কনে, ৭৫ বছরের বর, সংসার পরিত্যক্ত ২ মানুষের জীবনে শুরু দ্বিতীয় ইনিংস

২ জনই তাঁদের নিজের নিজের সংসার থেকে দূরে। তবে সেই একাকী বার্ধক্যে থাকা ২ মানুষ বাঁধা পড়লেন সাতপাকে। বেছে নিলেন একসঙ্গে বাকি জীবন কাটানোর অঙ্গীকার।

২০২২ সালে বৃদ্ধ কানহাইয়া লালকে একটি বৃদ্ধাশ্রমের মানুষজন খুঁজে পান একটি গুহার মধ্যে থেকে। যাঁকে তাঁর সংসার পরিত্যক্ত করে জায়গা দিয়েছিল ওই গুহায়।

ওই বৃদ্ধাশ্রমের লোকজনই সাবিনা নামে এক ষাটোর্ধ্বাকে গতবছর সিমলায় খুঁজে পান অসহায় অবস্থায় ভবঘুরে হয়ে ঘোরার সময়। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার আপনা ঘর নামে এক বৃদ্ধাশ্রমে ২ জন থাকছিলেন। সেখানেই পরিবার থেকে পরিত্যক্ত ২টি মানুষ নিজেদের মধ্যে কথা বলতে বলতে একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারটা করে ফেলেন।

২ জন বিয়ে করে বাকি জীবনটা একে অপরের আশ্রয় হয়ে থাকার সিদ্ধান্ত নেন। এগিয়ে আসেন আপনা ঘর বৃদ্ধাশ্রমের মালিক থেকে সমাজের অন্যরাও।

ওই বৃদ্ধাশ্রমেই ৭৫ বছরের কানহাইয়া লাল এবং ৬৩ বছরের সাবিনা বিয়ে করলেন পারম্পরিক রীতি মেনে। সাতপাক, সিঁদুরদান, মালাবদল সবই হল। বিয়েতে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ হাজির হয়েছিলেন।

এই বিয়ে যে সমাজের জন্য এক সুন্দর বার্তা দিল তা মেনে নিচ্ছেন সকলেই। জীবন সায়াহ্নে এসে ২টি মানুষ যে নতুন করে শেষ জীবনটা একে অপরের সঙ্গে একসঙ্গে কাটাতে চান, মুছে ফেলতে চান নিঃসঙ্গতা, তা তাঁদের এই জীবনের দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই পরিস্কার।

বিয়ের পর অবশ্য তাঁরা আর আপনা ঘর বৃদ্ধাশ্রমে থাকছেন না। থাকবেন অন্য একটি বৃদ্ধাশ্রমে। সেখানেই বাকি জীবনটা একসঙ্গে একে অপরের পাশে থেকে কাটিয়ে দেবেন তাঁরা।

Show Full Article