National

২২ হাজার ৬০০ ফুট উচ্চতা ছুঁয়ে নতুন সাফল্যের ইতিহাস লিখল ভারতীয় সেনা

ভারতীয় সেনার সাফল্যের গাথায় আরও একটি অধ্যায় যুক্ত হল। এবার ২২ হাজার ৬০০ ফুট উচ্চতায় সাফল্যের ইতিহাস লিখল তারা।

ভারতীয় সেনার বীরগাথা সময়ের সঙ্গে সঙ্গে সমৃদ্ধ হয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য নতুন নতুন উদাহরণ তৈরি করেছে। যা নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছে। এবার ভারতীয় সেনা আরও একটি সাফল্যের ইতিহাস লিখল।

অরুণাচল প্রদেশের রেয়াং মিলিটারি স্টেশন থেকে গত ১৮ অগাস্ট পাড়ি দেয় একটি দল। যে লক্ষ্য ছুঁতে তারা পাড়ি দেয় তা নেহাত সহজ ছিলনা।

উত্তর সিকিমের অন্যতম উচ্চ শৃঙ্গ হল খাংচেনগিয়াও। উচ্চতা ২২ হাজার ৬০১ ফুট। হিমালয়ের এই পর্বতশৃঙ্গটি খাড়াই বেয়ে চড়তে হয়। যখন তখন এখানে আবহাওয়া বিরূপ হয়।

বরফে ঢাকা খাড়াই পাথর বেয়ে উপরে ওঠা অত্যন্ত কঠিন কাজ। তারওপর এটি এমনভাবে হেলে থাকে যে পর্বতারোহীদের জন্য চুড়ো স্পর্শ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে।

ভারতের দশম উচ্চতম শৃঙ্গ হলেও এ পর্বত জয় করা তার চেয়েও উঁচু পর্বতে ওঠার চেয়ে কঠিন। সিকিমে আবার এই পর্বতকে ঈশ্বর জ্ঞানে দেখা হয়।

সিকিমে অনেক পর্বত রয়েছে। স্থানীয়দের কাছে এই পর্বতগুলির কোনওটা পুরুষ তো কোনওটা নারী। খাংচেনগিয়াও একটি পুরুষ পর্বত। স্থানীয়দের বিশ্বাস এর ধারেকাছেও কোনও মহিলার পা পড়লে পর্বত রুষ্ট হয়। এ পর্বতে কোনও মহিলা পর্বতারোহী চড়ার চেষ্টা করলে পর্বতের আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়।

খাংচেনগিয়াও পর্বতে চড়া এক অত্যন্ত কঠিন কাজ হলেও সেই চুড়ো স্পর্শ করে ভারতীয় সেনার মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনের পর্বতারোহী সেনারা এক ইতিহাস রচনা করলেন। তাঁরা ১৮ সেপ্টেম্বর এই চুড়ো স্পর্শ করার বিরল নজির সৃষ্টি করেছেন।

এক অতি কঠিন চ্যালেঞ্জ ছিল এই পর্বত জয়। সেটা ভারতীয় সেনা করে দেখাল। দেখিয়ে দিল চেষ্টা করলে তাদের কাছে কোনও কিছুই অর্জন করা অসম্ভব নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article