পিরামিডের মাথায় ডলফিন হয়ে যাবে ভারতের ধ্রুব
এক অসাধারণ দৃশ্য উপভোগ করতে চলেছেন মিশরের বাসিন্দারা। তাঁদের বিখ্যাত পিরামিডের মাথার ওপর চোখ ধাঁধিয়ে দিতে চলেছে ভারতের ধ্রুব।
মিশরের পিরামিডের ওপর ধ্রুবতারার মতই উজ্জ্বল হয়ে উঠতে চলেছে ভারতের ধ্রুব। সেখানে ধুধু বালির প্রান্তরের মাঝে বিখ্যাত পিরামিডের মাথার ওপর কসরত দেখাতে তৈরি ভারতের সারঙ্গ দল। এই সারঙ্গ দলের স্তম্ভই হল ধ্রুব।
সারঙ্গ দল সেখানে কখনও আকাশে ডলফিনের মত লাফ দেবে। আবার কখনও চলে আসবে মাটির খুব কাছে। আবার কখনও প্রায় একটি জায়গায় আচমকা বাঁক নিয়ে সকলকে অভিভূত করে দেবে।
এই দৃশ্য সকলের সামনে তুলে ধরার জন্য মিশর পৌঁছে গেছে ভারতীয় বায়ুসেনার সারঙ্গ দল। সারঙ্গ দলটি হল ভারতীয় হেলিকপ্টারের একটি দল। যে দলে রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইটওয়েট হেলিকপ্টার ধ্রুব।
মিশরে অনুষ্ঠিত হতে চলেছে আল আলামিন ইন্টারন্যাশনাল এয়ারশো। এবার তার দ্বিতীয় বর্ষ। সেখানেই আকাশে তাদের অসামান্য সব হেলিকপ্টারের কসরত তুলে ধরবে ভারতীয় বায়ুসেনার সারঙ্গ দল।
সারঙ্গের এই হেলিকপ্টারের দল হল পৃথিবীর একমাত্র ৫ হেলিকপ্টারের দল, যারা এমন সব চোখ ধাঁধিয়ে দেওয়া কসরত করতে সক্ষম। মিশরের আল আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে এই শো অনুষ্ঠিত হতে চলেছে।
ভারত ও মিশরের মধ্যে সম্পর্ক এরফলে আরও দৃঢ় হবে। ভারত ও মিশর নিজেদের মধ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা চালাচ্ছে। যা ক্রমশ মজবুত ভিতের ওপর দাঁড়াচ্ছে। এই এয়ারশোতে ভারতের চোখ ধাঁধানো আকাশ খেলা সেই সম্পর্ককে আরও মজবুত করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











