হাইওয়েতে নেমে পড়ল ৪টি সেনা বিমান, আবার উড়েও গেল, হাইওয়ে বদলে গেল রানওয়েতে
জামনগর অমৃতসর ইকোনমিক করিডরের পিচ ঢালা রাস্তায় নেমে পড়ল ভারতীয় সেনার ৪টি বিমান। রানওয়ে লাগল না, হাইওয়েতে নেমে উড়েও গেল বিমানগুলি।
নতুন মাইলফলক ছুঁল ভারতীয় বায়ুসেনা এবং জাতীয় সড়ক অথরিটি-র পারস্পরিক সহযোগিতা। যে কোনও প্রয়োজনে ভারতীয় সেনার বিমান যাতে রানওয়ে পাওয়ার অপেক্ষা না করে জাতীয় সড়কেও নেমে পড়তে পারে তার চেষ্টা চলছিল। এর আগেও এমন বিমান সড়কে নেমেছে।
তবে এবার এই প্রথমবার ৪টি সেনা বিমান পরপর নেমে পড়ল গুজরাট হাইওয়ের ওপর জামনগর অমৃতসর ইকোনমিক করিডরের পিচ ঢালা রাস্তায়। ভারতীয় সেনার টিম মাউন্টেন ঈগলস সাফল্যের সঙ্গে সড়কের ওপর নামে এবং তারপর সেই রাস্তা থেকেই আকাশে উড়ে যায়।
বিমান ওঠানামার জন্য যে বিশেষ রানওয়ের দরকার পড়ে তার প্রয়োজন পড়ল না। আবার নামা ওঠায় কোনও সমস্যাও হল না। এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী। তিনি এই ৪ সেনা বিমানের জাতীয় সড়কের ওপর অবতরণ এবং উড়ানের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
ভারতের হাইওয়ে পরিকাঠামো এখন কতটা বিশ্বমান ছুঁয়েছে তাও এই সাফল্যের মধ্যে দিয়ে সামনে এল। যুদ্ধবিমানের যে কোনও জায়গায় নামার দরকার পড়তে পারে। সেখান থেকে প্রয়োজনে উড়ে যেতেও হতে পারে। তার জন্য রানওয়ের অপেক্ষা করলে হবেনা।
এবার সেই লক্ষ্য পূরণের পরীক্ষা সফল হল। হাইওয়ে মানে যে কেবল যানবাহনের যাতায়াত নয়, আরও অনেক প্রয়োজনে লাগতে পারে হাইওয়ে তা এই সেনা বিমানের ওঠানামা থেকে প্রমাণ হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











