অন্য পরিচিতি পেতে চলেছে কলকাতায় বিজেপির আদি কার্যালয়
কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয় সকলের চেনা। সেটা আর বিজেপির কার্যালয় থাকছে না। বদলে যাচ্ছে তার পরিচিতি।
১৯৪৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৬ নম্বর মুরলীধর সেন লেনের বাড়িটি ভাড়া নেন। সেখানে থাকতে শুরু করেন। রাজনৈতিক কাজও সেখান থেকে পরিচালিত হত।
১৯৫১ সালে যখন ভারতীয় জন সংঘ প্রতিষ্ঠিত হয় তখন বাড়িটিকে ভারতীয় জন সংঘের কলকাতা কার্যালয় করে দেন ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৮০ সালে বিজেপির জন্ম হয়। সময়ের সাথে এই বাড়িটি রাজ্যে বিজেপির প্রধান কার্যালয় হয়ে ওঠে।
এখন রাজ্যে বিজেপি শাসনভার গ্রহণ করেছে। এই ঐতিহাসিক বাড়িটিকে বিজেপি অন্য রূপ দিতে চাইছে। কলকাতার এই বাড়িটিকে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মিউজিয়াম করে তুলতে উদ্যোগী দল।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ার, টেবিল থেকে বইপত্র সবই মিউজিয়ামে জায়গা পাবে। তাঁর অনেক ছবি সহ তাঁর জীবন ও কাজ নিয়ে নানা তথ্য এখানে তুলে ধরা হবে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতেই এই মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনেক অজানা কাজও তুলে ধরা হবে। যাতে তাঁর জীবনের কথা, কর্মকাণ্ডের কথা নব্য প্রজন্ম জানতে পারে।
সেই সঙ্গে এই বাড়িতেই তিনি ছিলেন। ফলে তাঁর স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে তাঁর মিউজিয়ামের রূপ দেওয়াটাও একটা আলাদা তাৎপর্য বহন করছে।
প্রসঙ্গত ৬ নম্বর মুরলীধর সেন লেনের এই বাড়িটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন।













