পিছু ছাড়ছে না নিম্নচাপ, কবে পাওয়া যাবে রেহাই, পূর্বাভাস কি বলছে
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল। এর মধ্যে টানা বৃষ্টিতে কলকাতার অনেক অংশে জল জমেছে। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। কবে এই পরিস্থিতি বদলাবে।
সোমবার থেকে বৃষ্টি পিছু ছাড়ছে না। টানা বৃষ্টিতে নাজেহাল মানুষজন। জনজীবন বিপর্যস্ত। গতি হারাচ্ছে ব্যস্ততা। সোমবার রাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছিল তা মঙ্গলবার সকালেও চলেছে। কিছুটা সময় থামলেও তারপর ফের বেলা থেকে শুরু করে তা চলতেই থাকে।
ঘ্যানঘ্যানে বৃষ্টিতে জেরবার অবস্থা সাধারণ মানুষের। রাতভর বৃষ্টিতে দক্ষিণ কলকাতা ভিজেছে কিছুটা বেশি। তুলনায় কিছুটা হলেও কম ভিজেছে উত্তর কলকাতা।
দক্ষিণ কলকাতা ও মধ্য কলকাতার অনেক জায়গায় সকালে জল দাঁড়িয়ে যায়। একটি নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি। যে নিম্নচাপটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে অবস্থান করছিল। পশ্চিমবঙ্গ ও ওড়িশা মিলিয়ে তার দাপট দেখাচ্ছিল।
গত কয়েকটি নিম্নচাপের ক্ষেত্রে অবশ্য নিম্নচাপগুলি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছিল। কিন্তু এই নিম্নচাপটির সরে যাওয়ার গতি অতি মন্থর। ফলে একটানা বৃষ্টি চলেছে মঙ্গলবার বিকেল পর্যন্তও।
আবহাওয়া দফতর মনে করছে নিম্নচাপটির প্রভাবে বুধবারও বৃষ্টি পিছু ছাড়বে না। তবে মঙ্গলবারের মত কলকাতা সহ অন্য অনেক জেলার জন্য কমলা সতর্কতা নেই। বরং দক্ষিণবঙ্গের জন্য রয়েছে হলুদ সতর্কতা।
হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির দাপট কিছুটা হয়ত বুধবার কমতে পারে।
তবে রেহাই পুরোপুরি পাওয়া যাবেনা। বুধবার রাজ্যের পশ্চিম অংশের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।











