পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়া দশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী বিস্তারিত পূর্বাভাস।
মেষ রাশি : এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো মানসিক দিক থেকে খুব একটা স্বস্তিদায়ক হবে না। দেহমনে অস্থিরতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মাঝেমধ্যেই বিব্রত করতে পারে। কর্মক্ষেত্র নিয়ে প্রচ্ছন্ন উদ্বেগ বর্তমান থাকবে। অর্থাগম গতানুগতিক হলেও অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। সামান্য বিষয়কে কেন্দ্র করে আত্মীয় কিংবা পরিচিত কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কোনও উপহার কিংবা দ্রব্যলাভ হলেও প্রত্যাশা পূরণ হবে না। কোনও কাজে বেরিয়ে অকারণ ঘোরাঘুরি। প্রাচীন কোনও দেবালয় ভ্রমণ হবে। পুজোর আনন্দের মধ্যেও মাঝে মাঝে হতাশা মনকে ভারাক্রান্ত করবে। কোনও কথা দিয়ে তা রক্ষা করতে অসুবিধা হতে পারে। রাগ ও অধৈর্যভাব বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি থাকবে। তবে উৎসবের শেষভাগে ভুল বোঝাবুঝি কাটিয়ে প্রীতি বৃদ্ধির সুযোগ আসবে।
বৃষ রাশি : গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো অনেকটাই আনন্দ ও স্বস্তির মধ্যে অতিবাহিত হবে। দেহ ও মনের অস্বস্তি কমবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। আর্থিক অবস্থার উন্নতি ও কমবেশি অর্থাগম হবে। অপ্রত্যাশিত কোনও দ্রব্য কিংবা উপহার লাভ আনন্দ বৃদ্ধি করবে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গৃহে অতিথি ও স্বজন সমাগমে আনন্দ বাড়বে। পুজোয় খাওয়াদাওয়া বেশ ভালোই হবে। স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে। কোনও শুভ সংবাদ মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি ও কোনও প্রাচীন দেবালয় ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অধিকাংশ দিনই আনন্দের মধ্যে কাটবে।
মিথুন রাশি : এবারের উৎসবের দিনগুলো দেহমন, সংসার ও কর্মজীবনকে কেন্দ্র করে বেশ অস্থিরতার মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে বাধা ও মানসিক চাপ বর্তমান থাকবে। আর্থিক অবস্থা খুব একটা স্বস্তিদায়ক হবে না। আয় চললেও ব্যয়ের চাপ বৃদ্ধি পাবে। কারও সঙ্গে কথা দিয়ে কথার খেলাপ হতে পারে। সামান্য বিষয় নিয়ে আত্মীয় কিংবা পরিচিতদের সঙ্গে মতবিরোধের সৃষ্টি হবে। মেজাজ প্রায়ই খিটখিটে থাকবে। গৃহে ছোটখাটো কোনও শুভ কর্মানুষ্ঠান হতে পারে। কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কাউকে কিছু দিয়ে আনন্দিত হলেও নিজে প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণ যোগ। অযাচিত কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। পুজোর আনন্দ মাঝেমধ্যে বিঘ্নিত হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অস্থিরতা ও অভিমানজনিত অশান্তি থাকবে। তবে উৎসবের শেষদিকে কোনও প্রিয়জনের সান্নিধ্য সাময়িক স্বস্তি দিতে পারে।
কর্কট রাশি : দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অধিকাংশ দিনই কমবেশি মানসিক উদ্বেগ ও অস্থিরতার মধ্যে কাটবে। স্বাস্থ্য মাঝেমধ্যে বিব্রত করবে। পারিবারিক জীবনে কিছু অস্বস্তি বর্তমান থাকবে। আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কর্মক্ষেত্র চলবে গতানুগতিক ধারায়। গৃহে আত্মীয় ও অতিথিদের আগমন প্রত্যাশার তুলনায় কম হতে পারে। কোনও শুভ প্রচেষ্টায় বাধা এলেও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। অনিচ্ছা সত্ত্বেও কোনও দেবালয় ভ্রমণ হতে পারে। কোনও সংবাদ সাময়িক মানসিক অশান্তির সৃষ্টি করবে। নিকট আত্মীয়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। পুজোর দিনগুলোয় কিছু আনন্দের মুহূর্ত এলেও মনের উপর চাপ সম্পূর্ণ কাটবে না। প্রেমিক প্রেমিকাদের সামান্য বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হবে। তবে পুজোর উপহার কিংবা প্রিয়জনের কোনও আচরণ মনের আনন্দ বৃদ্ধি করবে।
সিংহ রাশি : গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো অনেকটাই ভালো কাটবে। কর্মক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকলেও যোগাযোগ ও কাজের অগ্রগতি বজায় থাকবে। অর্থভাগ্য প্রসন্ন। কমবেশি অর্থাগম হবে। তবে হঠাৎ কিছু অর্থ অকারণ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্য মাঝেমধ্যে অস্বস্তির সৃষ্টি করবে। কোনও আত্মীয়ের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিকল্পনার পরিবর্তন হতে পারে। নিজ কিংবা নিকট আত্মীয়ের গৃহে শুভ অনুষ্ঠানে নিমন্ত্রিত হবেন। কোনও পুরনো দেবালয় ভ্রমণ যোগ। কাউকে ভুল বুঝে সাময়িক মানসিক অশান্তি ভোগ করতে পারেন। পুজোর খাওয়াদাওয়া ও বেড়ানোয় আনন্দ পাবেন। কোনও সুসংবাদ মনের প্রফুল্লতা বৃদ্ধি করবে। প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক আন্তরিকতা ও প্রীতি বাড়বে। কোনও পরিকল্পনা ছাড়াই দুজনে দেবালয় কিংবা কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন।
কন্যা রাশি : এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলোয় আনন্দের মধ্যেও একটা অজানা অস্থিরতা বর্তমান থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে মানসিক অতৃপ্তি দেখা দেবে। আর্থিক সচ্ছলতা বজায় থাকলেও কিছু বিষয়ে উদ্বেগ বাড়বে। শারীরিক দিক থেকে মাঝেমধ্যে অস্বস্তিবোধ করবেন। গৃহে আত্মীয় ও স্বজন সমাগম হবে। বাড়িতে ছোটখাটো কোনও মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দেবালয় ভ্রমণ যোগ। কোনও সুন্দর উপহার কিংবা নতুন দ্রব্যলাভ মনের আনন্দ বৃদ্ধি করবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। কারও দীক্ষালাভের সম্ভাবনা রয়েছে। সামান্য অভিমান কিংবা ভুল বোঝাবুঝি পারিবারিক শান্তির অন্তরায় হতে পারে। তবে উৎসবের শেষভাগে মানসিক স্বস্তি কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের পুজোর দিনগুলো মোটের উপর আনন্দেই কাটবে। প্রিয়জনের কাছ থেকে মনোমতো উপহার লাভের সম্ভাবনা।
তুলা রাশি : এবারের উৎসবের দিনগুলোয় মানসিক অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনও পরিকল্পনা আশানুরূপ ফলপ্রসূ না হওয়ায় হতাশার সৃষ্টি হবে। কোনও কাজে বেরিয়ে অকারণ ঘোরাঘুরি ও সময় নষ্ট হতে পারে। আত্মীয় কিংবা পরিচিত কারও সঙ্গে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ দেখা দেবে। আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কমবেশি অর্থাগমের পাশাপাশি অপ্রত্যাশিত কিছু অর্থ কিংবা দ্রব্যলাভ হতে পারে। তবে ব্যয়ের চাপও থাকবে। স্বাস্থ্য খুব একটা স্বস্তিদায়ক হবে না। প্রাচীন কোনও দেবীমন্দির ভ্রমণ যোগ। গৃহে ছোটখাটো কোনও শুভ অনুষ্ঠান হবে। ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি ও কারও দীক্ষালাভ হতে পারে। শত্রু দ্বারা বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। উপহার পেলেও তা পুরোপুরি মনের মতো নাও হতে পারে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি বৃদ্ধি পাবে। উভয়ের মেজাজের অস্থিরতা সম্পর্কে সাময়িক দূরত্ব সৃষ্টি করতে পারে।
বৃশ্চিক রাশি : গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলোয় বাধা ও অস্থিরতা কিছুটা কম থাকবে। কর্মক্ষেত্র ও আর্থিক অবস্থা চলবে গতানুগতিক ধারায়। স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে। গৃহে অতিথি কিংবা আত্মীয়ের আগমন সাময়িক বিরক্তির কারণ হতে পারে। পুজোয় খাওয়াদাওয়া ভালোই হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও দেবালয় ভ্রমণ যোগ। চলাফেরায় অসতর্কতার কারণে পায়ে আঘাত লাগার আশঙ্কা থাকায় সাবধান থাকা প্রয়োজন। কোনও প্রীতিউপহার লাভ হবে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসতে পারে। কোনও শুভ সংবাদ মানসিক আনন্দ বৃদ্ধি করবে। তবে উৎসবের কেনাকাটা ও অন্যান্য কারণে ব্যয় অনেকটাই বেড়ে যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। প্রেমিক প্রেমিকাদের সাময়িক অভিমান ও মনোমালিন্য থাকলেও পারস্পরিক আন্তরিকতার অভাব হবে না। অধিকাংশ দিনই প্রীতি ও আনন্দের মধ্যে অতিবাহিত হবে।
ধনু রাশি : গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো অনেক বেশি আনন্দ ও মানসিক স্বস্তির মধ্যে কাটবে। অর্থভাগ্য চলনসই। উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও অর্থাগম অব্যাহত থাকবে। অপ্রত্যাশিত কিছু অর্থ কিংবা মূল্যবান দ্রব্যলাভ হতে পারে। কর্মক্ষেত্র চলবে স্বাভাবিক ধারায়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কোনও দামি উপহার লাভের সম্ভাবনা। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ করবেন। মাঙ্গলিক কোনও কর্মানুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি দেবালয় ভ্রমণ যোগ। পুজোর খাওয়াদাওয়া ও বেড়ানোয় বিশেষ আনন্দ পাবেন। প্রিয়জনের সান্নিধ্য মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। কোনও ভালো সংবাদ উৎসাহ বাড়াবে। পারিবারিক ক্ষেত্রেও প্রীতির সম্পর্ক বজায় থাকবে। প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। দুজনে কোথাও বেড়াতে কিংবা দেবালয় ভ্রমণে যেতে পারেন। উৎসবের অধিকাংশ দিন কাটবে আনন্দমুখর পরিবেশে।
মকর রাশি : এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো দেহমন, সংসার ও কর্মজীবনের কিছু চাপ ও অস্থিরতার মধ্যে কাটবে। পারিবারিক পরিস্থিতি সবসময় প্রীতিকর নাও থাকতে পারে। তবে এর মধ্যেও হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। অর্থভাগ্য মোটামুটি প্রসন্ন। কমবেশি অর্থাগম হলেও ব্যয়ের চাপ কমবে না। কোনও অর্থ কিংবা নতুন দ্রব্যলাভ হতে পারে। মূল্যবান জিনিস হারিয়ে ফেলার আশঙ্কা থাকায় সতর্ক থাকা প্রয়োজন। চলাফেরার সময় পায়ে আঘাত কিংবা মচকে যাওয়ার বিষয়ে সাবধান থাকুন। নিকট আত্মীয়ের গৃহে কোনও শুভ অনুষ্ঠানে নিমন্ত্রিত হবেন। দেবালয় ভ্রমণ যোগ। পুজোর খাওয়াদাওয়া ভালোই হবে। কোনও সংবাদ সাময়িক উদ্বেগের সৃষ্টি করতে পারে। প্রেমিক প্রেমিকাদের কখনও আনন্দ আবার কখনও অভিমান ও বিষণ্ণতার মধ্যে সময় কাটবে। উৎসবের শেষদিকে সম্পর্কের অস্বস্তি কিছুটা কমতে পারে।
কুম্ভ রাশি : এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো না খুব ভালো, না খুব খারাপ। মোটামুটি মিশ্র ফলের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। অর্থাগম অব্যাহত থাকলেও ব্যয়ের চাপ বর্তমান থাকবে। শুভকর্মে অর্থব্যয় হবে। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। স্বাস্থ্য চলবে গতানুগতিক ধারায়। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরিজনদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় বাধা আসতে পারে। কোনও সাদা দ্রব্য কিংবা পছন্দের উপহার লাভের সম্ভাবনা। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় থাকবে। শত্রু দ্বারা বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। গৃহে ছোটখাটো কোনও আনন্দের অনুষ্ঠান হতে পারে। পুজোর কেনাকাটা ও খাওয়াদাওয়ায় ব্যয় বাড়বে। প্রেমিক প্রেমিকাদের অধিকাংশ দিন আনন্দেই কাটবে। প্রিয়জনের কাছ থেকে ভালো উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি : গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো দেহ ও মনের অনেক স্বস্তি নিয়ে আসবে। আর্থিক অবস্থা থাকবে মোটামুটি সচ্ছল। কর্মক্ষেত্র চলবে স্বাভাবিক ধারায়। কোনও নতুন যোগাযোগ আনন্দ বৃদ্ধি করতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দূর ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। হঠাৎ কোনও প্রাচীন দেবালয় ভ্রমণ যোগ। গৃহে আত্মীয় ও স্বজন সমাগমে আনন্দ বাড়বে। কোনও শুভ সংবাদ মনকে প্রফুল্ল করবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বৃদ্ধি ও কারও দীক্ষালাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও শত্রুর বিরূপ আচরণ বিশেষ ক্ষতি করতে পারবে না। স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে। তবে সন্তানকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দিতে পারে। পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অধিকাংশ দিনই প্রীতি ও আনন্দের মধ্যে কাটবে। প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের সান্নিধ্যে মানসিক শান্তি ও স্বস্তি বজায় থাকবে।
















