বৃশ্চিক রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। বৃশ্চিক রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।
গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলোয় বাধা ও অস্থিরতা কিছুটা কম থাকবে। কর্মক্ষেত্র ও আর্থিক অবস্থা চলবে গতানুগতিক ধারায়। স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে।
গৃহে অতিথি কিংবা আত্মীয়ের আগমন সাময়িক বিরক্তির কারণ হতে পারে। পুজোয় খাওয়াদাওয়া ভালোই হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও দেবালয় ভ্রমণ যোগ।
চলাফেরায় অসতর্কতার কারণে পায়ে আঘাত লাগার আশঙ্কা থাকায় সাবধান থাকা প্রয়োজন। কোনও প্রীতিউপহার লাভ হবে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসতে পারে।
কোনও শুভ সংবাদ মানসিক আনন্দ বৃদ্ধি করবে। তবে উৎসবের কেনাকাটা ও অন্যান্য কারণে ব্যয় অনেকটাই বেড়ে যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে।
প্রেমিক প্রেমিকাদের সাময়িক অভিমান ও মনোমালিন্য থাকলেও পারস্পরিক আন্তরিকতার অভাব হবে না। অধিকাংশ দিনই প্রীতি ও আনন্দের মধ্যে অতিবাহিত হবে।











