কুম্ভ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কুম্ভ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।
এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো না খুব ভালো, না খুব খারাপ। মোটামুটি মিশ্র ফলের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। অর্থাগম অব্যাহত থাকলেও ব্যয়ের চাপ বর্তমান থাকবে।
শুভকর্মে অর্থব্যয় হবে। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। স্বাস্থ্য চলবে গতানুগতিক ধারায়। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
পরিজনদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় বাধা আসতে পারে। কোনও সাদা দ্রব্য কিংবা পছন্দের উপহার লাভের সম্ভাবনা। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় থাকবে। শত্রু দ্বারা বিশেষ ক্ষতির আশঙ্কা নেই।
গৃহে ছোটখাটো কোনও আনন্দের অনুষ্ঠান হতে পারে। পুজোর কেনাকাটা ও খাওয়াদাওয়ায় ব্যয় বাড়বে। প্রেমিক প্রেমিকাদের অধিকাংশ দিন আনন্দেই কাটবে। প্রিয়জনের কাছ থেকে ভালো উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।











