মীন রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মীন রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।
গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো দেহ ও মনের অনেক স্বস্তি নিয়ে আসবে। আর্থিক অবস্থা থাকবে মোটামুটি সচ্ছল। কর্মক্ষেত্র চলবে স্বাভাবিক ধারায়। কোনও নতুন যোগাযোগ আনন্দ বৃদ্ধি করতে পারে।
কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দূর ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। হঠাৎ কোনও প্রাচীন দেবালয় ভ্রমণ যোগ। গৃহে আত্মীয় ও স্বজন সমাগমে আনন্দ বাড়বে। কোনও শুভ সংবাদ মনকে প্রফুল্ল করবে।
ধর্মীয় বিষয়ে আগ্রহ বৃদ্ধি ও কারও দীক্ষালাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও শত্রুর বিরূপ আচরণ বিশেষ ক্ষতি করতে পারবে না। স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে। তবে সন্তানকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দিতে পারে।
পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অধিকাংশ দিনই প্রীতি ও আনন্দের মধ্যে কাটবে। প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের সান্নিধ্যে মানসিক শান্তি ও স্বস্তি বজায় থাকবে।











