ধনু রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। ধনু রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।
গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো অনেক বেশি আনন্দ ও মানসিক স্বস্তির মধ্যে কাটবে। অর্থভাগ্য চলনসই। উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও অর্থাগম অব্যাহত থাকবে। অপ্রত্যাশিত কিছু অর্থ কিংবা মূল্যবান দ্রব্যলাভ হতে পারে।
কর্মক্ষেত্র চলবে স্বাভাবিক ধারায়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কোনও দামি উপহার লাভের সম্ভাবনা। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ করবেন। মাঙ্গলিক কোনও কর্মানুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি দেবালয় ভ্রমণ যোগ।
পুজোর খাওয়াদাওয়া ও বেড়ানোয় বিশেষ আনন্দ পাবেন। প্রিয়জনের সান্নিধ্য মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। কোনও ভালো সংবাদ উৎসাহ বাড়াবে। পারিবারিক ক্ষেত্রেও প্রীতির সম্পর্ক বজায় থাকবে।
প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। দুজনে কোথাও বেড়াতে কিংবা দেবালয় ভ্রমণে যেতে পারেন। উৎসবের অধিকাংশ দিন কাটবে আনন্দমুখর পরিবেশে।











