বৃষ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। বৃষ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।
গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো অনেকটাই আনন্দ ও স্বস্তির মধ্যে অতিবাহিত হবে। দেহ ও মনের অস্বস্তি কমবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। আর্থিক অবস্থার উন্নতি ও কমবেশি অর্থাগম হবে।
অপ্রত্যাশিত কোনও দ্রব্য কিংবা উপহার লাভ আনন্দ বৃদ্ধি করবে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গৃহে অতিথি ও স্বজন সমাগমে আনন্দ বাড়বে। পুজোয় খাওয়াদাওয়া বেশ ভালোই হবে।
স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে। কোনও শুভ সংবাদ মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি ও কোনও প্রাচীন দেবালয় ভ্রমণ যোগ।
প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অধিকাংশ দিনই আনন্দের মধ্যে কাটবে।











