পবিত্র গুহায় তুষার শিবলিঙ্গ দর্শনে যাত্রা শুরু, ২টি বেস ক্যাম্পে পুণ্যার্থীরা এলেন সুরক্ষা বলয়ে
শুরু হল ৫৭ দিন ব্যাপী পবিত্র গুহা শিবলিঙ্গ দর্শনের যাত্রা। দুর্গম পথ ধরে এই যাত্রাকে পুণ্যার্থীদের জন্য সুরক্ষিত করতে নজিরবিহীন সুরক্ষা বলয়ের ব্যবস্থা।
দেশের অন্যতম বাৎসরিক তীর্থযাত্রা শুরু হল শুক্রবার থেকে। আগামী ৫৭ দিন ধরে চলবে এই যাত্রা। হিমালয়ের দুর্গম পাহাড়ি পথ ধরে এগিয়ে চলা। যেখানে আবহাওয়াও অনেকসময় বিরূপ হয়ে ওঠে।
এমনও দেখা গেছে হড়পা বানের শিকার হতে হয়েছে পুণ্যার্থীদের। তবে তার জন্য অমরনাথ যাত্রায় ভাটা পড়েনি। ২টি বেস ক্যাম্প থেকে অমরনাথ গুহার দিকে এগিয়ে যাওয়া যায়।
জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত এই গুহা শিবলিঙ্গ দর্শনে গান্ডেরবল জেলার বালতাল থেকে যাত্রার পথ রয়েছে। আর রয়েছে পহেলগামের নানওয়ান থেকে। এই ২ বেস ক্যাম্পে প্রথমে পুণ্যার্থীরা জড়ো হন। তারপর যাত্রা করেন অমরনাথের পথে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৭৫৬ ফুট উচ্চতায় অবস্থায় অমরনাথ গুহায় এইসময় প্রকৃতির নিয়মে শিবলিঙ্গ তৈরি হয় স্ট্যালাগমাইট রূপে। গুহার ছাদ থেকে জলের বিন্দু পড়ে পড়ে এক জমাট বরফের লিঙ্গ প্রতিবছর তৈরি হয় এখানে।
এই তুষার লিঙ্গ দর্শনে প্রতিবছর এই সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে অমরনাথ গুহায়। দুর্গম পথ অতিক্রম করে পুণ্যার্থীরা পৌঁছন এই গুহায়। যা এখানে সিন্ধ উপত্যকায় অবস্থিত। চারধারে হিমবাহ ও বরফ ঢাকা পাহাড় সারি। তার মাঝেই এই গুহা।
৪ হাজার ৮২২ জন পুণ্যার্থী সুরক্ষার বলয়ে মুড়ে অমরনাথ যাত্রার ২টি বেস ক্যাম্পে পৌঁছন। এবার সুরক্ষা নজিরবিহীন। আরও কড়া। আগামী ২৮ অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













