State

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় লাল সতর্কতা, ৫ জেলায় কমলা

নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩ জেলায় লাল সতর্কতাও জারি হয়েছে।

সোমবার শুরু হওয়া সপ্তাহে যে বৃষ্টি খুব বেশি হবে এমন পূর্বাভাস গত সপ্তাহে ছিলনা। কিন্তু আবহাওয়ায় বদল হয়েছে। সোমবার বেলা বাড়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে জেলাগুলিতেও। মেঘে ঢাকা রয়েছে আকাশ।

মাঝে মাঝেই বৃষ্টি হয়েছে সোমবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মত আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন চলবে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই এই ৪ দিন হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অগাস্টের প্রথম সপ্তাহে ভালই বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ।

উত্তরবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের চেয়েও বেশি। মঙ্গলবার উত্তরের ৩ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কোচবিহার ও কালিম্পংয়ের জন্য রয়েছে কমলা সতর্কতা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য কমলা সতর্কতা রয়েছে। ফলে বুধবারও এই ৫ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বৃষ্টি হবে। এখানে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মত। তবে দক্ষিণবঙ্গে যেমন বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, এই ৩ জেলায় বুধবারের পর তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শ্রাবণে কিন্তু বৃষ্টি ভালই পাচ্ছে পশ্চিমবঙ্গ। যা অবশ্যই ফসলের জন্য ভাল খবর।

Show Full Article
nilkantho.in App