নতুন সপ্তাহে প্রবল বৃষ্টির সম্ভাবনা কতটা, কোথায় কেমন বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস
রবিবারের ছুটি কাটিয়ে সোমবার থেকেই শুরু হবে ব্যস্ত সপ্তাহ। নতুন সপ্তাহে কতটা প্রবল বৃষ্টি পাবেন সাধারণ মানুষ, তার পূর্বাভাস পাওয়া গেল।
নতুন মাসের নতুন কর্মব্যস্ত সপ্তাহ শুরু হচ্ছে সোমবার থেকে। ছুটির দিন বৃষ্টি মনোরম হলেও কর্মব্যস্ত দিনে ভারী বৃষ্টি শহরবাসীকে কিছুটা নাজেহাল করে। বিশেষত যাঁদের রাস্তায় বেশি সময় কাটাতে হয় তাঁদের। এখন বর্ষাকাল। শ্রাবণ মাসের মধ্যভাগে পৌঁছে নতুন সপ্তাহে কেমন বৃষ্টি পেতে চলেছে বাংলা? তার একটা পূর্বাভাস পাওয়া গেল।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সপ্তাহের শেষে পৌঁছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
কলকাতায় আসন্ন সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি ঝরবে। আর তা চলতে থাকবে। সে বৃষ্টি হালকা থেকে মাঝারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে পূর্বাভাস।
সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার ২ বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝেমধ্যে হতে পারে।
উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসটা কিছুটা আলাদা। উত্তরবঙ্গের ৫টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অপেক্ষাকৃত বৃষ্টি অনেকটাই কম হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।
হাওয়া অফিস অনেক আগেই পূর্বাভাস দিয়েছিল অগাস্ট এবং সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে চলতি বছরে। কারণ এল নিনো। এল নিনো-র প্রভাবে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের চিত্র কি সেদিকেই ইঙ্গিত করছে? এটা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।












