State

মেঘলা আকাশ, ঘনঘন নামছে বৃষ্টি, আর কতদিন চলবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বৃষ্টির আসা যাওয়া চলছে। আকাশ মেঘে ঢাকা। শ্রাবণের ধারা একটা সময় অন্তর ভিজিয়ে দিচ্ছে। এমন বৃষ্টি আর কতদিন চলবে তার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

বৃষ্টি চলছে। আসছে। আবার থামছে। আবার আসছে। কখনও ঝেঁপে তো কখনও ঝির ঝির করে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। চলতি সপ্তাহে টানাই এমন এক আবহাওয়া পেয়েছেন সকলে।

শ্রাবণের ধারা শ্রাবণের শুরু থেকেই বেশ জাঁকিয়ে বসেছে। চলতি সপ্তাহে এমন দিনও গেছে যেদিন ভারতের ৯০ শতাংশ অংশ মেঘে ঢাকা ছিল। এখন বর্ষা দেশের বিভিন্ন অংশে বেশ জাঁকিয়ে শুরু হয়েছে।

কলকাতা সহ বাংলায় এমন বৃষ্টি আর কতদিন ধরে চলবে এর উত্তর খুঁজতে গিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন বৃষ্টি সোমবার অবধি বজায় থাকবে।

অন্তত এখন যা পরিস্থিতি তাতে সোমবার পর্যন্ত এমন বৃষ্টি চলার কথা। ঝোড়ো হাওয়া থাকবে। ঝেঁপে বৃষ্টিও হবে। মঙ্গলবার থেকে আকাশ পরিস্কার হতে পারে। সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা থাকছে প্রতিটি জেলার জন্য।

দক্ষিণবঙ্গে যখন সোমবার পর্যন্ত বৃষ্টি ঝরার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর তখন উত্তরবঙ্গের ছবিটা ঠিক এক রকম নয়। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার তেমন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস নেই।

ফের সোমবার থেকে হিমালয় লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে ২ দিনাজপুর ও মালদায় শনিবারের পর আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকার কথা। তবে এখন বর্ষাকাল, তাই মাঝে মধ্যে হালকা বৃষ্টি যে কোনও জায়গায় হতেই পারে।

Show Full Article