নতুন সপ্তাহে বৃষ্টি কেমন হবে, পাওয়া গেল পূর্বাভাস, সপ্তাহ শুরুতে ৫ জেলায় সতর্কতা বার্তা
রাজ্য জুড়ে নতুন সপ্তাহে কেমন বৃষ্টি হবে এ প্রশ্ন সকলের। কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই ৫ জেলার জন্য জারি কমলা সতর্কতা।
রবিবার ছুটির দিন। ফলে সকাল থেকেই বৃষ্টি মানুষের মন ভালই করেছে। কিন্তু সোমবার এমন অবস্থা ব্যস্ত দিনের তাল কাটতে পারে। ফলে নতুন সপ্তাহে বৃষ্টি কেমন হবে তার একটা পূর্বাভাস জানার আগ্রহ সকলেরই থাকে। বিশেষত যাঁদের বাড়ি থেকে বার হওয়ার থাকে।
সোমবার সপ্তাহের প্রথম দিনে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজ্যের ৫ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাদবাকি জেলাতেও বৃষ্টি হবে। রাজ্য জুড়েই বৃষ্টি হবে।
সোমবার যে ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সেগুলি সবই উত্তরবঙ্গের। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। বাকি অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
সারা সপ্তাহ জুড়েই প্রায় বৃষ্টিতে ভিজবে বাংলার জেলাগুলি। এমনই পূর্বাভাস। জুন মাসের বর্ষা ঘাটতি বেশ কিছুটা পুষিয়ে দিয়েছে জুলাই মাস। জুলাই মাসে অপেক্ষাকৃত অনেকটা ভাল বৃষ্টি পেয়েছে বাংলা। চলতি মাসে বীজ রোপণের সময়। এ সময় ভাল বর্ষা ভাল ফসলের ইঙ্গিত দেয়।
এবার এল নিনো সক্রিয় থাকায় আগামী অগাস্ট থেকে বৃষ্টির প্রাবল্য কমবে বলেই পূর্বাভাস। দেশজুড়েই বর্ষার দ্বিতীয় পর্যায় অপেক্ষাকৃত শুকনো কাটবে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ। যদিও আমজনতা বৃষ্টি চাইছেন। কারণ তার ওপর নির্ভর করছে ফসল। যা ফসলের দামকেও নিয়ন্ত্রণে রাখবে।











