রথযাত্রার দিন ভিজবে রাজ্য, ৩ জেলায় কমলা সতর্কতা, কোথায় কেমন বৃষ্টি, পূর্বাভাস পাওয়া গেল
রথযাত্রার তোড়জোড় শুরু হয়ে গেছে। ওইদিন কেমন থাকবে আবহাওয়া এ প্রশ্ন সকলের। পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। রথযাত্রা শুকনো কাটবে না।
রথের চাকা গড়ানো এখন সময়ের অপেক্ষা। রথযাত্রার মহা ধুমধামের তাল কিছুটা হলেও কাটতে পারে বৃষ্টি। কলকাতায় ইস্কনের প্রসিদ্ধ রথযাত্রা থেকে মাহেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত রথ তো আছেই, তার সঙ্গে অনেক পারিবারিক সুসজ্জিত রথ রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে নগর পরিক্রমায় বার হয়।
যা দেখার জন্য রাস্তার ধারে মানুষের ভিড় জমে। আষাঢ় মাসে রথযাত্রার ছন্দের তাল এবার কাটতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর রাজ্যের ৩ জেলার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে।
চলতি সপ্তাহ জুড়েই রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রথের দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, এই ৩ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
তার মানে রথের দিন এই ৩ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির জন্য রয়েছে হলুদ সতর্কতা।
মানে ওইদিন সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। যা রথের আয়োজনে বাধ সাধতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা রয়েছে রথের দিন।
রথের ধুমধামে বৃষ্টির বাধ সাধার সম্ভাবনা অবশ্য নতুন নয়। তবে বিকেলের দিকে বৃষ্টি ছোটদের মন খারাপ করে দেয়। কারণ পাড়ায় পাড়ায়, বিভিন্ন পার্কে রথ সাজিয়ে দড়ি ধরে ছোটদের রথ টেনে নিয়ে যাওয়া যেমন সকলকে আনন্দ দেয়, তেমন ছোটরা কাটায় একটা আনন্দমুখর দিন। তাই ওই সময় বৃষ্টি না হওয়াই কাম্য।











