রাজ্যের ৩ জেলায় লাল সতর্কতা, ৫ জেলায় কমলা সতর্কতা, কোথায় কেমন বৃষ্টি হবে
রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। চলতি সপ্তাহে রাজ্যে জুড়েই বৃষ্টি হবে। ৩ জেলার জন্য লাল সতর্কতা, ৫ জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে। তা ঝাড়খণ্ডও পার করে যাবে অচিরেই। ফলে নিম্নচাপের জেরে যে অতিবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছিল সে সম্ভাবনা আর নেই।
তবে নিম্নচাপ বিদায় নিলেও তার জেরে এ রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। ফলে চলতি সপ্তাহে রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তেমন হবেনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু উত্তরবঙ্গের চিত্রটা অন্যরকম। বিশেষত উত্তরবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য বুধবার লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ৩ জেলায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিম্পং ও কুচবিহারের জন্য রয়েছে কমলা সতর্কতা।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা থাকছে চলতি সপ্তাহে।
বর্ষা এবার কম হচ্ছে। ব্যতিক্রম মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড। গুজরাটে ভাল বর্ষা হলেও দিল্লি এখনও সেভাবে বৃষ্টি পায়নি। যদিও সেখানে বর্ষা আগেই প্রবেশ করেছে।
এবার এল নিনোর কারণে দেশে সার্বিকভাবে বর্ষা ঘাটতি যে হবে তা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। গত জুন মাসে উল্লেখযোগ্য ভাবে কম বর্ষা পেয়েছে দেশ।













