State

বৃষ্টি বাড়ল, এমন বৃষ্টি কি চলবে, নাকি বাড়বে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

রাজ্য জুড়ে এ সপ্তাহে কোথায় কেমন বৃষ্টি তার একটা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টি কি আরও বাড়বে, কেমন থাকবে আবহাওয়া?

রাজ্য জুড়ে গত সপ্তাহের শেষ পর্যন্ত একটা ভ্যাপসা অসহ্য পরিস্থিতি চলার পর সোমবার থেকে কিছুটা বদল হয়েছে আবহাওয়ার। সোমবার মেঘের গর্জন দুপুর থেকেই শুরু হয়েছিল। বৃষ্টিও হয়। তবে ঝেঁপে বা মুষলধারার বৃষ্টি নয়।

মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘে ঢাকা আকাশ আরও কালো হয়ে বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তবে শুধু কলকাতা বলেই নয় রাজ্য জুড়েই বৃষ্টি হচ্ছে।

পশ্চিমবঙ্গের ওপর মেঘের আস্তরণ বিরাজ করছে। যার জেরে চলতি সপ্তাহ জুড়েই রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টি বাড়বে বুধবার। দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এসব জায়গায় বৃষ্টি ঝেঁপে হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

তবে এটা বুধবারের জন্যই। তারপর রবিবার পর্যন্ত রাজ্যের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দফতর। মানে সব জেলাতেই বৃষ্টি হবে। তবে আগামী শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, ২ বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

আগামী শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরে জল উত্তাল থাকবে। তাই আগামী শুক্র ও শনিবার মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ থেকে সাগরে মাছ ধরতে যেতে মানা করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি শুরু হওয়ায় যে অসহ্য ভ্যাপসা ঘর্মাক্ত গরমে নাজেহাল হচ্ছিলেন সাধারণ মানুষ সেই কষ্ট কিছুটা হলেও কমেছে।

Show Full Article