দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, কমলা সতর্কতা, উত্তরে আরও বৃষ্টি
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পার্থক্য থাকবে। উত্তরে লাল ও কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। কবে থেকে জারি কমলা সতর্কতা।
উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে অতি প্রবল বৃষ্টি চলবে। আগামী শনিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময়ে লাল ও কমলা সতর্কতা জারি হয়েছে। ফলে বৃষ্টি আপাতত পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের।
তবে এই পূর্বাভাস উত্তরের হিমালয়ের কাছের ৫ জেলার জন্য। অন্য ৩ জেলা অর্থাৎ ২ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব দিনই হলুদ সতর্কতা থাকছে। অর্থাৎ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও তার সঙ্গে অল্পবিস্তর ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের মত অত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য নেই। রবিবার পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কোনও কোনও জেলায় বৃষ্টি নাও হতে পারে।
তবে সোমবার থেকে ক্রমশ আবহাওয়ার বদল হবে। সোমবার দক্ষিণের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং ২ বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলির জন্য থাকছে হলুদ সতর্কতা।
কিন্তু মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। আপাতত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ফলে এটা পরিস্কার যে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। সঙ্গে ঝড়। ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে তা বাড়তে চলেছে। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।













